সরকারি কৃষিতথ্য সরবরাহ করবে বাংলালিংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণের দোরগোড়ায় সহজে কৃষিসেবা পৌঁছে দিতে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি করেছে সরকার। কৃষিতথ্য সার্ভিস (এগ্রিকালচারাল ইনফরমেশন সার্ভিসেস-এআইএস) এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন প্রকল্প যৌথভাবে বাংলালিংকের সঙ্গে এ চুক্তি সই করেছে। এ চুক্তির ফলে এআইএস কৃষি মন্ত্রণালয়ের অধীনে সব ধরনের সরকারি কৃষিতথ্য বাংলালিংকের কাছে সরবরাহ করবে। বাংলালিংক তা নিজস্ব টেলিযোগাযোগ অবকাঠামো ব্যবহার করে কৃষকদের কাছে পৌঁছে দেবে। গত বৃহস্পতিবার রাজধানীর গুলশানের স্থানীয় একটি হোটেলে এ চুক্তি সই করা হয়। এআইএস প্রকল্পের পরিচালক ও প্রধানমন্ত্রীর পিএস-১ নজরুল ইসলাম খান, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আবু দোমা এবং এআইএসের পরিচালক মো. নজরুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে বাংলালিংকের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আশের ইয়াকুব খান, মার্কেটিং বিভাগের পরিচালক শিহাব আহমেদ, পরিচালক (রেগুলেটরি অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স) জাকিউল ইসলাম, হেড অব পিআর অ্যান্ড কমিউনিকেশন সোলায়মান আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নজরুল ইসলাম খান বলেন, এই চুক্তির কারণে সরকারের প্রাথমিক কৃষিতথ্য কৃষকেরা বিনামূল্যে পাবেন।