সরকারি কেনাকাটা ও টেন্ডার প্রক্রিয়ায় ডিজিটাল পদ্ধতি চালু হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি সেবার ক্ষেত্রে ঘুষ-দুর্নীতি চক্র ভেঙে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, সরকারি কেনাকাটা এবং টেন্ডার-প্রক্রিয়াসহ সব ক্ষেত্রেই ডিজিটাল পদ্ধতি চালু করা হবে। ফলে কেউ পেশিশক্তি প্রদর্শন বা দুর্নীতির আশ্রয় নিতে পারবে না। গতকাল রোববার বিকেলে হোটেল শেরাটনে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে বিআরটিএর যানবাহন কর ও ফি সংগ্রহের কর্মসূচি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। খবর বাসসের।এ সময় প্রধানমন্ত্রী বিআরটিএ কর্তৃপক্ষকে কর ও ফি গ্রহণের প্রক্রিয়া ডিজিটাল করার পাশাপাশি রেজিস্ট্রেশন, লাইসেন্স ইত্যাদি ক্ষেত্রেও অনলাইন ব্যবস্থা চালুর পরামর্শ দেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, বিআরটিএর চেয়ারম্যান আয়ুবুর রহমান ও কম্পিউটার নেট সিস্টেমের পরিচালক আরিফুর রহমান। সভাপতিত্ব করেন যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও রেলপথ বিভাগের সচিব মো. মোজাম্মেল হক খান।মোবাইল ফোনের মাধ্যমে উপজেলা হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসাসেবা চালুর কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশে কম্পিউটার সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। অচিরেই সরকারিভাবে কম্পিউটার বাজারজাত করা হবে। প্রতিটি কম্পিউটারের দাম পড়বে ১২ থেকে ১৫ হাজার টাকা।প্রধানমন্ত্রী আরও বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ সরকার ইতিমধ্যেই শুরু করেছে। চট্টগ্রামের ছয়টি ফ্লাইওভার ও কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণের পদক্ষেপ নেওয়া হবে।