সরকারি কোম্পানির শেয়ার ছাড়তে আবারও দেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ের মধ্যে এ দফায়ও বাজারে শেয়ার ছাড়তে পারছে না সরকারি মালিকানাধীন কোম্পানিগুলো। ইতিমধ্যেই তালিকাভুক্ত এমন কোম্পানিগুলো বলেছে, শেয়ার ছাড়ার যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে তাদের আরও কিছু সময় লাগবে। আর তালিকাভুক্ত নয়, এমন প্রতিষ্ঠানগুলো বলেছে, তারা ডিসেম্বরের মধ্যে শেয়ার ছাড়তে পারবে না। গতকাল বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব কথা বলা হয়েছে। শেয়ার ছাড়ার কার্যক্রমের অগ্রগতি জানতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর সঙ্গে এ বৈঠকটি করেন অর্থমন্ত্রী।এ সময় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মুরশিদ কুলী খান প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র জানায়, বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের প্রতিনিধিরা জানিয়েছেন, চলতি মাসের মধ্যে কোনো শেয়ারই তাঁরা বাজারে ছাড়তে পারবেন না। শেয়ার ছাড়ার যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে আরও কিছু সময় লাগবে। অন্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও শেয়ার ছাড়ার জন্য সময় বাড়ানোর অনুরোধ করেছেন।পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা অয়েলের ১৭ শতাংশ, মেঘনা পেট্রোলিয়ামের ১৭ শতাংশ, তিতাস গ্যাসের ১৫ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ১৭ দশমিক ৩০ শতাংশ, ন্যাশনাল টিউবসের ১ দশমিক ৯৪ শতাংশ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৭ দশমিক ৫০ শতাংশ, রূপালী ব্যাংকের ২৪ দশমিক ৫৫ শতাংশ, পাওয়ার গ্রিডের ১৬ দশমিক ২৫ শতাংশ এবং ডেসকোর ১৫ শতাংশ শেয়ার চলতি মাসের মধ্যেই বাজারে আসার কথা ছিল। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত ২ নভেম্বর শেয়ার ছাড়ার জন্য ১৫ দিনের সময় দিয়ে এদের চিঠি পাঠায়। সূত্র জানায়, গতকালের বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা নতুন যে শেয়ার ছাড়া হবে, সেগুলোর অভিহিত মূল্য ১০ টাকা করার ব্যাপারে আগ্রহ ব্যক্ত করেছেন। তবে অর্থমন্ত্রী এ ব্যাপারে কোনো মতামত দেননি। জানা গেছে, নয়টির মধ্যে অন্তত দুটি কোম্পানির প্রস্তুতি ভালো। যেকোনো দিনই বাজারে নির্ধারিত পরিমাণ শেয়ার ছাড়বে তারা। গতকালের বৈঠকে রূপালী ব্যাংকের আরও ২৪ দশমিক ৫৫ শতাংশ শেয়ার ছাড়ার বিষয়টি নিশ্চিত করা হয়।