
পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা সরকারের কোষাগার থেকে দেওয়াসহ নানা দাবিতে গতকাল মঙ্গলবার ময়মনসিংহ, শেরপুর ও টাঙ্গাইলে মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হয়েছে। বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী সমিতির ডাকে এসব কর্মসূচি পালন করা হয়।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ময়মনসিংহের ১০টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেন। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এটি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
বক্তারা বলেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সরকারের রাজস্ব তহবিল থেকে বেতন-ভাতা পাচ্ছেন না। পৌরসভার তহবিল থেকে যে বেতন-ভাতা ও আনুতোষিক পেয়ে থাকেন, তা-ও অনিয়মিত।
শেরপুরে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করা হয়। এতে শেরপুর, নকলা, নালিতাবাড়ী ও শ্রীবরদী পৌরসভার চার শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এর আগে শেরপুর পৌর কার্যালয় থেকে পৌর কর্মকর্তা-কর্মচারীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পৌর কর্মচারীরা উন্নয়নমূলক কাজের পাশাপাশি একজন নাগরিকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ধরনের জনসেবামূলক কাজ করে থাকেন। অথচ তাঁরা বেতন-ভাতার ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। দেশের দুই শতাধিক পৌরসভার কর্মচারীদের ২ থেকে ৪০ মাস পর্যন্ত বেতন বকেয়া রয়েছে।
সকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। সেটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধন করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়। কর্মসূচিতে জেলার ১১টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। মানববন্ধন চলাকালে পৌর কর্মকর্তা-কর্মচারী সমিতির জেলা সভাপতি শিব্বির আহমেদ, সাধারণ সম্পাদক আবদুস সালাম প্রমুখ বক্তব্য দেন।