
সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন চালুর দাবিতে গতকাল সোমবার রংপুর ও রাজশাহীতে মানববন্ধন করেছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
রংপুরে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটির উদ্যোগে ২৯টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেন। প্রথমে বেলা ১১টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে শহরের কাচারি বাজারে অবস্থিত বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনের সড়কে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মানববন্ধন করা হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে অ্যাসোসিয়েশনের রংপুর বিভাগীয় কমিটির সভাপতি শফিকুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বিভিন্ন জেলার নেতা হাফিজুর রহমান, সুজন শাহা, মুজিবর রহমান প্রমুখ।
সমাবেশে শফিকুল ইসলাম বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতনের দায়ভার নেয় না। তারা এ দায়িত্ব পৌর পরিষদের ওপর ন্যস্ত করে। পৌর পরিষদ জনগণের কাছ থেকে বিভিন্ন কর বাবদ যে রাজস্ব আদায় করে তা স্থানীয় জনগণের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যয় করে ফেলে। ফলে পৌর কর্তৃপক্ষ পৌরসভায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা পরিশোধ করতে পারে না।
শফিকুল ইসলাম আরও বলেন, পৌর কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই মাসের পর মাস বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাঁরা সন্তানদের ভালো স্কুল-কলেজে পড়াতে পারছেন না। কেউ কেউ বিবাহযোগ্য মেয়েকেও বিয়ে দিতে পারছেন না। অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীরা অবসরে গেলে অবসর ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। কিন্তু পৌর কর্মকর্তা-কর্মচারীদের চাকরি শেষে শূন্য হাতে অবসর নিতে হয়।
সমাবেশ শেষে রংপুর বিভাগীয় কমিটির নেতাদের পক্ষ থেকে দাবি-সংবলিত স্মারকলিপি বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পেশ করা হয়।
এদিকে বেলা ১১টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে মানববন্ধনে আট জেলার বিভিন্ন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক আল মেহেদী হাসান, সহসভাপতি মো. রোকনুজ্জামান, নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।