সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কোষাগার থেকে বেতন, ভাতা, পেনশনসহ সব সুযোগ-সুবিধা দেওয়ার দাবিতে গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন ও সমাবেশ করেছেন। এ ছাড়া কয়েকটি স্থানে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, বিভিন্ন পৌরসভায় প্রায় দুই বছর ধরে কর্মকর্তা-কর্মচারীদের বেতন বন্ধ রয়েছে। অবসরে গেলেও পেনশন সুবিধা পাওয়া যাচ্ছে না।
চুয়াডাঙ্গা পৌরসভা চত্বরে সকালে সমবেত হন চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, দর্শনা ও জীবননগর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। বেলা ১১টায় সেখান থেকে মিছিল বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করেন তাঁরা। এ সময় পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের জেলা শাখার সভাপতি মো. আয়ুব আলী বিশ্বাস, সহসভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, আলমডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
যশোর জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলা প্রশাসনের কালেক্টরেট চত্বরে অবস্থান কর্মসূচি পালিত হয়। বেলা ১১টা ঘণ্টাব্যাপী কর্মসূচিতে জেলার আটটি পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। এতে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুম, কেশবপুর পৌরসভার সচিব মো. হারেস উদ্দীন, ঝিকরগাছা শাখার সভাপতি শাহ আলম।
ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে সকালে মানববন্ধন করেন জেলার ছয়টি পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় বক্তব্য দেন ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম, পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ঝিনাইদহ পৌরসভা কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সহসভাপতি ইদ্রিস আলী প্রমুখ।
কুষ্টিয়া শহরের এনএস রোডে বেলা ১১টায় জেলার পাঁচটি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেন। এতে সভাপতিত্ব করেন পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের জেলা শাখার সভাপতি আমান উল্লাহ আমান। বক্তব্য দেন কুষ্টিয়া পৌরসভার সচিব কামাল উদ্দিন, কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম সারোয়ার, সাধারণ সম্পাদক একরামুল হক, ভেড়ামারা পৌরসভা শাখার সভাপতি আজম আলী, মিরপুর পৌরসভার শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। (প্রতিবেদনে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ; যশোর ও কুষ্টিয়া অফিস এবং চুয়াডাঙ্গা প্রতিনিধি)