সরকারি কোষাগার থেকে বেতন-ভাতার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন-ভাতার দাবিতে গতকাল সোমবার শেরপুর ও জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এক ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন।       

শেরপুর পৌর ভবনের সামনে বেলা ১১টা থেকে এক ঘণ্টা দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী কর্মবিরতি পালন করেন। বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন, শেরপুর জেলা শাখার ডাকে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য দেন পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, কাউন্সিলর মো. আতিউর রহমান, আয়োজক সংগঠনের সভাপতি আবু লায়েছ মো. বজলুল করিম ও সাধারণ সম্পাদক মো. মুসলিম উদ্দিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম, সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম ও মো. রেজাউল করিম, শেরপুর পৌর কর্মকর্তা-কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান, সহসভাপতি নুর-ই-আলম প্রমুখ। কর্মবিরতিতে পৌরসভার দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

অ্যাসোসিয়েশনের শেরপুর জেলা শাখার সভাপতি আবু লায়েছ বলেন, অনেক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সরকারের কেন্দ্রীয় কোষাগার থেকে বেতন-ভাতাদি ও পেনশন পেয়ে থাকেন। অথচ জনসেবক হওয়া সত্ত্বেও স্থানীয় সরকারের মূল প্রতিষ্ঠান পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাদি, আনুতোষিকসহ অন্য আর্থিক সুবিধাদি পৌরসভার রাজস্ব তহবিল থেকে দেওয়া হয়।

একই সময় নালিতাবাড়ী, নকলা ও শ্রীবরদী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরাও এক ঘণ্টার কর্মবিরতি পালন করেন।

এদিকে সরিষাবাড়ী পৌরসভা কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা। কর্মবিরতি শেষে বক্তব্য দেন সরিষাবাড়ী পৌর কর্মকর্তা-কর্মচারী সমিতির সভাপতি মো. মনিরুজ্জামান, সহকারী প্রকৌশলী আবদুল মালেক, ভারপ্রাপ্ত হিসাবরক্ষক রশিদুজ্জামান, ভান্ডাররক্ষক হুমায়ূন কবীর এবং সহকারী লাইসেন্স পরিদর্শক মাহবুবুর রহমান।