সরকারি কোষাগার থেকে বেতনের দাবিতে কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন দাবিতে ফরিদপুর পৌরসভা চত্বরে গতকাল এক ঘন্টা অবস্থান ধর্মঘট করেন ফরিদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সদস্যরা l প্রথম আলো
বিভিন্ন দাবিতে ফরিদপুর পৌরসভা চত্বরে গতকাল এক ঘন্টা অবস্থান ধর্মঘট করেন ফরিদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সদস্যরা l প্রথম আলো

বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সরকারি কোষাগার থেকে পাওয়ার দাবিতে গতকাল বুধবার ভোলা, বরিশালের গৌরনদী উপজেলা ও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এক ঘণ্টা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন এ কর্মসূচির আয়োজন করে।
পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সরকারি কোষাগার থেকে দেওয়ার দাবিতে ভোলার পাঁচটি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। পৌরসভাগুলো হলো ভোলা সদর, বোরহানউদ্দীন, লালমোহন, দৌলতখান ও চরফ্যাশন। বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন ভোলা জেলা শাখা এ কর্মবিরতির আয়োজন করে।
ভোলা পৌরসভার সামনে বক্তব্য দেন বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন ভোলা জেলা শাখার সভাপতি মীর আলাউদ্দিন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, যুগ্ম সম্পাদক রাশেদ বিল্লাহ ও সচিব আবুল কালাম আজাদ। চরফ্যাশন পৌরসভার সামনে বক্তব্য দেন প্রকৌশলী মো. সামিম হাসান, উপসহকারী প্রকৌশলী স্বপন চন্দ্র দাস, লাইসেন্স পরিদর্শক মো. মনির হোসেন, ক্যাশিয়ার মো. সোহেল, সহকারী লাইসেন্স পরিদর্শক মো. মেহেদি হাসান প্রমুখ।
একই দাবিতে বরিশালের গৌরনদী পৌরসভা চত্বরে গতকাল এক ঘণ্টা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচি চলাকালে সমাবেশে অ্যাসোসিয়েশনের গৌরনদী শাখার সভাপতি ও পৌর সচিব মো. শফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা কমিটির সহসভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, সদস্য ডলি রানী বণিক, মো. মামুনুর রশিদ, গৌরনদী শাখার সহসভাপতি খোকন চন্দ্র রায়, সাধারণ সম্পাদক কে এম মোশারফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক কাজী শফিকুল ইসলাম স্বপন।
গোয়ালন্দ পৌরসভার উদ্যোগে পৌর কর্মকর্তা-কর্মচারীরা গতকাল পৌরসভা কার্যালয়ের সামনে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেন। অ্যাসোসিয়েশনের সভাপতি পৌরসভার সচিব ইসমাইল হোসেন খান এতে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন বাংলাদেশ পৌরসভা সমিতির বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম। এ সময় অন্যান্যের মধ্যে পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন গোয়ালন্দ পৌরসভার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সেলিম, পৌরসভার প্যানেল মেয়র কোমল কুমার সাহা, সহকারী প্রকৌশলী কাজল কুমার নাগ, কর্মচারী ইউনিয়নের সভাপতি লুৎফর রহমান টিটো প্রমুখ বক্তব্য দেন।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন ভোলা, গৌরনদী (বরিশাল) ও গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।]