সরকারি কৌঁসুলি পাচ্ছেন ডিসিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালতের সাজার বিষয়ে আপিল নিষ্পত্তিতে জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জেলা প্রশাসকদের (ডিসি) আইনি সহায়তা দেওয়ার জন্য প্রত্যেক জেলায় একজন করে সহকারী সরকারি কৌঁসুলিকে (এপিপি) দায়িত্ব দেওয়া হচ্ছে। এ কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। 

আজ বৃহস্পতিবার ঢাকায় জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে আইন মন্ত্রণালয়-বিষয়ক আলোচনা শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালতে যে সাজা দেন, সেটা আপিলে অনেক সময় টেকে না। এ জন্য ডিসিরা একজন স্থায়ী সরকারি কৌঁসুলি নিয়োগ দেওয়ার দাবি করে আসছিলেন। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ইতিমধ্যে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেক জেলায় তাঁদের (ডিসি) সহায়তা দিতে একজন করে এপিপি দেওয়া হবে।

সম্মেলনে আইনমন্ত্রী মামলার জট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতি সম্পর্কে মানুষকে উৎসাহিত করা এবং এ বিষয়টি প্রচারের জন্য তৎপর হতে ডিসিদের অনুরোধ জানান।

নৌ মন্ত্রণালয়-বিষয়ক আলোচনায় ডিসিদের নদীর দখল রোধে আরও ততপর হওয়ার নির্দেশ দিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান। আলোচনা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ‘ডিসিদের বলা হয়েছে, প্রত্যেকটি নদীর সীমানা চিহ্নিত করে দখল রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।’