সরকারি কৌঁসুলিকে বহিষ্কার
শরীয়তপুর জজকোর্টের সরকারি কৌঁসুলি মোতালেব মাদবরকে আইনজীবী সমিতি থেকে ১৫ দিনের জন্য বহিষ্কার করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় সরকারি কৌঁসুলির পদ থেকে মোতালেব মাদবরের অব্যাহতি চেয়ে একটি আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত হয়। রাতের আঁধারে একজন আইনজীবীর কার্যালয় ভেঙে নেওয়ার অভিযোগে আইনজীবী সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে।সমিতি সূত্র জানায়, শরীয়তপুর জজকোর্টের আইনজীবী ও বাংলাদেশ মানবাধিকার কমিশন শরীয়তপুর জেলা শাখার সভাপতি রওশন আরা বেগমের কার্যালয়ের টিনের ঘরটি রাতের আঁধারে ভেঙে নিয়ে যান মোতালেব মাদবর। এরপর জায়গাটি দখলের চেষ্টা চালান তিনি। এ ব্যাপারে রওশন আরা বেগম জেলা আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতি জরুরি সভা ডাকে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সমিতির সদস্যপদ থেকে ১৫ দিনের জন্য মোতালেব মাদবরকে বহিষ্কার করা হয়। এই ১৫ দিন তিনি শরীয়তপুরের কোনো আদালতে পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন না বলে সভায় সিদ্ধান্ত হয়।রওশন আরা বেগম বলেন, ‘মোতালেব মাদবর এর আগেও কয়েকবার আমার চেম্বারের জায়গাটি দখলের চেষ্টা করেছেন। গত শুক্রবার গভীর রাতে আমার কার্যালয়ের ঘরটি ভেঙে নিয়ে যান তিনি।’মোতালেব মাদবর বলেন, ‘বিষয়টি আমাদের আইনজীবীদের। এখানে ভালোমন্দ যা হয়েছে, আইনজীবী সমিতি দেখেছে।’ এর বেশি কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি।শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু সাঈদ জানান, অভিযোগের সত্যতা পাওয়ায় মোতালেব মাদবরকে ১৫ দিনের জন্য সমিতি থেকে বহিষ্কার করা হয়েছে।