সরকারি তহবিলের অর্থে পণ্য ও সেবা ক্রয়ের ক্ষেত্রে সরকারি ক্রয় আইন (পিপিআর) যথাযথভাবে অনুসরণ করা উচিত। শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে গত বৃহস্পতিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) আয়োজিত সরকারি ক্রয়বিষয়ক এক কর্মশালায় বক্তারা এ কথা বলেন। শেরপুরের জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে সিপিটিইউর পরিচালক আলতাফ হোসেন, যোগাযোগ পরামর্শক মো. শফিউল আলম ও শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. আকবর আলী বক্তব্য দেন। সিপিটিইউর পক্ষে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) এ কর্মশালা পরিচালনা করে।কর্মশালায় সিপিটিইউর পরিচালক আলতাফ হোসেন বলেন, সরকারি ক্রয় কার্যক্রমে ক্রয়, পরিকল্পনা প্রণয়ন, দরপত্রের দলিল তৈরি থেকে শুরু করে সামগ্রিক কাজের বাস্তবায়ন ও ব্যবস্থাপনায় সরকারি ক্রয় আইন বা পিপিআর অবশ্য পালনীয়। একদিকে রয়েছে পিপিআর মেনে চলার আইনগত বাধ্যবাধকতা, অন্যদিকে জনগণের অর্থের কার্যকরী বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করা।