সরকারি ক্রয় কার্যক্রমে নাগরিক সম্পৃক্ততা নিয়ে রংপুরে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ক্রয় কার্যক্রমে নাগরিক সম্পৃক্ততার মাধ্যমে সামাজিক জবাবদিহি সৃষ্টির উপায় নিয়ে রংপুরে গতকাল মঙ্গলবার বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে রংপুরের বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, ঠিকাদারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরিকল্পনা মন্ত্রণালয়ের উদ্যোগে ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (সিপিটিইউ) ব্যবস্থাপনায় আরডিআরএস মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অধীন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মহাপরিচালক ফারুক হোসেন। রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার এতে সভাপতিত্ব করেন। কর্মশালার উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন সিপিটিইউর শফিউল আলম, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) মির্জা হাসান, রফিকুল ইসলাম তালুকদার, একরাম হোসেন, রংপুর এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজিজুর রহমান প্রমুখ।
আলোচকেরা বলেন, দেশের উন্নয়ন বাজেটের প্রায় ৮০ ভাগ অর্থ ক্রয় কার্যক্রমে বরাদ্দ হয়ে থাকে। অবকাঠামো নির্মাণ, পূর্তকর্ম, কল-কবজা আমদানি, দ্রব্যসামগ্রী ক্রয়, সেবা, পরামর্শ, কারিগরি ও বুদ্ধিবৃত্তিক সহায়তা গ্রহণ ইত্যাদি সরকারি ক্রয় কার্যক্রমে প্রতিবছর জনগণের বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হয়। জনগণ ও সরকার এই অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে আগ্রহী। এই পটভূমিতে সরকার পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমই বিভাগের অধীন সিপিটিইউর মাধ্যমে সরকারি ক্রয় সংস্কার প্রকল্প (পিপিআরপি)-২ বাস্তবায়ন করছে।