সরকারি ক্রয়কেন্দ্র স্থাপনসহ বিভিন্ন দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিপণ্য কেনার জন্য সরকারি ক্রয়কেন্দ্র স্থাপনসহ বিভিন্ন দাবিতে গতকাল বৃহস্পতিবার নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ফ্রন্ট ও কৃষক ফ্রন্ট।
সকালে নোয়াখালী শহরের টাউন হল চত্বরে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ফ্রন্টের জেলা সভাপতি তারকেশ্বর দেবনাথ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাসদ (মার্ক্সবাদী) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মানস নন্দী, কৃষক ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক দলিলের রহমান।
বক্তারা বলেন, প্রতি মণ ধান উৎপাদন করতে সরকারি হিসাবে ৮০০ টাকা খরচ হয়। অথচ বাজারে ধান বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৫০০ টাকায়। সরকারিভাবে ধানের দাম নির্ধারণ করা হলেও বাজারে সরকারি ক্রয়কেন্দ্র না থাকায় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতির কারণে ন্যায্যমূল্য পাচ্ছেন না চাষিরা।
বক্তারা দরিদ্র কৃষক, খেতমজুর ও ভূমিহীনদের জন্য কর্মসৃজন প্রকল্প ও হাটে হাটে ক্রয়কেন্দ্র চালু করা এবং খাসজমি প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত দেওয়ার দাবি জানান।