সরকারি ক্রয়ে টেন্ডারবাজি বন্ধে ই-জিপি চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে এবং এ প্রক্রিয়ায় দুর্নীতি রোধে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ওয়েব পোর্টাল উদ্বোধন করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই ওয়েব পোর্টাল উদ্বোধনকালে তিনি বলেন, এর ফলে সরকারি ক্রয়ে টেন্ডারবাজি বন্ধ হবে। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) শতকরা প্রায় ৭৫ ভাগ অর্থ ব্যয় হয় সরকারি ক্রয় কার্যক্রমে। ক্রয়কৃত পণ্য ও সেবার গুণগতমান এবং অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সরকার জনগণের কাছে দায়বদ্ধ। তিনি বলেন, ই-জিপি চালুর ফলে সরকারি টেন্ডার ও ক্রয়-প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং জবাবদিহির পাশাপাশি ডব্লিউটিও নীতি বাস্তবায়িত হলো।প্রধানমন্ত্রী বলেন, ই-জিপি উদ্বোধনের পর আগ্রহী ঠিকাদারদের রেজিস্ট্রেশন শুরু হবে। অনলাইনে টেন্ডারের নথিপত্র দাখিল করতে সব প্রক্রিয়া সম্পন্নের জন্য তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি বলেন, এই প্রক্রিয়ায় ঠিকাদার রেজিস্ট্রেশন, টেন্ডার আহ্বান, টেন্ডার দাখিল, টেন্ডার উন্মুক্তকরণ, মূল্যায়ন, অনুমোদন, কার্যাদেশ দেওয়াসহ টেন্ডারসংক্রান্ত সব কাজ অনলাইনে সম্পাদন করা হবে।ই-টেন্ডারিং প্রক্রিয়া চালুর ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি এবং এ লক্ষ্যে জনসচেতনতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সবার প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, গণমাধ্যম বিশেষ করে টিভি চ্যানেল এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস-মার্শাল (অব.) এ কে খন্দকার, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর অ্যালান গোল্ডস্টেইনও উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মহাপরিচালক অমূল্য কুমার দেবনাথ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। আইএমইডির (বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিভাগ) সচিব এতে সভাপতিত্ব করেন।ই-জিপি পোর্টাল তৈরি করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট। এটি এখন রেজিস্ট্রেশনের জন্য উন্মুক্ত এবং তা সরকারি সংস্থা ‘প্রকিউরিং এজেন্সি (পিএএস)’ ও ‘প্রকিউরিং এনটিটির (পিইএস) ক্রয়-প্রক্রিয়া পরিচালনার অনলাইন প্লাটফর্ম হিসেবে কাজ করবে।পাবলিক প্রকিউরমেন্ট রিফর্ম প্রজেক্ট-২-এর আওতায় প্রাথমিকভাবে চারটি টার্গেট এজেন্সির চারটি ক্রয়কারী অফিসে ই-টেন্ডারিং চালু হচ্ছে। সংস্থাগুলো হচ্ছে: এলজিআরডি, সড়ক ও জনপথ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুতায়ন বোর্ড।