সরকারি ক্রয়ে নাগরিক সম্পৃক্ততা থাকলে অনিয়ম ধরা পড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ক্রয় কার্যক্রমে নাগরিকদের সম্পৃক্ত করলে কাজের মান উন্নত হওয়ার পাশাপাশি জনগণের টাকার সর্বোত্তম ব্যবহার হবে। নাগরিক সম্পৃক্ততা থাকলে সরকারি ক্রয়ে কোনো অনিয়ম বা ত্রুটি থাকলে তা ধরা পড়বে।
গতকাল বৃহস্পতিবার খুলনার একটি হোটেলে কর্মশালায় ঠিকাদার, ব্যবসায়ী, নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা এ মত দেন।
পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমই বিভাগের অধীন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট কর্মশালার আয়োজন করে। এতে সহায়তা করে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট।
অংশগ্রহণকারীরা সরকারি ক্রয়ে কীভাবে আরও স্বচ্ছতা ও জবাবদিহি আনা সম্ভব, সে বিষয়ে মতামত দেন। তাঁরা মনে করেন, সরকারি ক্রয় বিধিমালা সম্পর্কে জনগণকে সচেতন করতে প্রচারণা দরকার। জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ। এছাড়া বক্তৃতা করেন সিপিটিইউর মহাপরিচালক মো. ফারুক হোসেন, বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের মুখ্য ক্রয় বিশেষজ্ঞ জাফরুল ইসলাম ও বিআইজিডির টিম লিডার মির্জা হাসান বক্তব্য দেন।