সরকারি খাতে ৩০০ মেগাওয়াটের দুটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি
সরকারি খাতে মোট ৩০০ মেগাওয়াট ক্ষমতার দুটি বিদ্যৎকেন্দ্র স্থাপনের চুক্তি সই হয়েছে। গতকাল সোমবার এক নম্বর আবদুল গণি রোডের বিদ্যুৎ ভবনের সম্মেলনকক্ষে বিদ্যুত্ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও দুটি চীনা প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি হয়। বর্তমান সরকারের আমলে সরকারি খাতে কোনো নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি এই-ই প্রথম।কেন্দ্র দুটি হচ্ছে: চাঁদপুর-১৫০ ও সিলেট-১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল (শতকরা ৬৬ ভাগ চলে জ্বালানি দিয়ে, বাকি ৩৪ ভাগ চলে ওই ৬৬ ভাগের তাপ ব্যবহার করে) বিদ্যুৎকেন্দ্র। প্রায় পাঁচ বছর আগে এই কেন্দ্র দুটি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। দরপত্রও আহ্বান করা হয় পাঁচবার। অনিয়ম ও প্রক্রিয়াগত জটিলতার কারণে এত দিন কোনো চুক্তি সই করা যায়নি। গত এক বছরে কেন্দ্র দুটির বাস্তবায়ন-প্রক্রিয়া ত্বরান্বিত করে এই চুক্তি সই করা হলো।সরকারের পক্ষে চুক্তি দুটিতে সই করেন পিডিবির সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. এস্কেন্দার আলী। বাস্তবায়নকারী কোম্পানির প্রতিনিধি হিসেবে চাঁদপুর কেন্দ্রটির চুক্তিতে সই করেন মেসার্স চায়না চেংদা ইঞ্জিনিয়ারিং কোম্পানির বোর্ড চেয়ারম্যান ক্যাও গুয়াং। সিলেট কেন্দ্রটি স্থাপনের চুক্তিতে সই করেন সাংহাই ইলেকট্রিক গ্রুপ কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ঝু ডেনিয়ান। চাঁদপুর কেন্দ্রটি স্থাপনে প্রায় ১২৪৮ কোটি এবং সিলেট কেন্দ্রটির জন্য প্রায় ৯৪১ কোটি টাকা ব্যয় হবে। চাঁদপুর কেন্দ্রটি স্থাপন সম্পন্ন হবে ২০১১ সালের ৩১ ডিসেম্বর এবং ওই বছরের ২৫ সেপ্টেম্বর সিলেট কেন্দ্রটির কাজ শেষ হবে।চুক্তি সই অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, দুর্নীতি ও দুঃশাসনের কবলে পড়ে বিগত সাত-আট বছরে দেশের বিদ্যুত্ ও জ্বালানি খাত অনেক পিছিয়ে পড়েছে। বর্তমান সরকার পরিকল্পনা করেছে এই খাতকে এগিয়ে নেওয়ার। এটা অর্থ ও সময়সাপেক্ষ কাজ। কিন্তু সরকার তার পরিকল্পনা বাস্তবায়নে বদ্ধপরিকর। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যৎ প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এনামুল হক, বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদ, পিডিবির চেয়ারম্যান এস এম আলমগীর কবির বক্তব্য দেন। বাংলাদেশে চীনা দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক কাউন্সেলর লি ওয়েন এবং সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।