সরকারি খাদ্যশস্য পরিবহন বিপর্যস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা এক মাসের অবরোধ-হরতালে সরকারি খাদ্যশস্য পরিবহনও বিপর্যস্ত হয়ে পড়েছে। গত জানুয়ারি মাসে সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও আপৎকালীন মজুদের লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয় ৪৩ হাজার ৬৯০ মেট্রিক টন চাল-গম ছাড় করেছিল। কিন্তু বড় গুদাম থেকে মাঠপর্যায়ে পরিবহন হয়েছে মাত্র ৮ হাজার ৪৯৮ টন।
এদিকে অবরোধ-হরতাল পুরো পরিবহন খাতের জন্য শনির দশা হিসেবে দেখা দিয়েছে। পরিবহন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, নাশকতা, যানবাহনে আগুন-ভাঙচুরের ফলে এক মাসেই ক্ষতি প্রায় ১০০ কোটি টাকা। যাত্রী ও পণ্যবাহী যানবাহনের মালিক-শ্রমিকেরা আয়বঞ্চিত হয়েছেন প্রায় ১ হাজার ৮৬০ কোটি টাকার।
পুলিশের হিসাবে, ৫ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ৫৫৪টি যানবাহনে আগুন ও ৩৫০টি যান ভাঙচুর করা হয়েছে। প্রথম আলোর হিসাবে গত মঙ্গলবার পর্যন্ত অগ্নিসংযোগ ও ভাঙচুর হয়েছে ৯০৬টি যানে।
ভেঙে পড়েছে খাদ্য পরিবহনব্যবস্থা: সাধারণত দেখা যায়, বাজারে প্রতি কেজি মোটা চালের দাম ৩৫ টাকা ছাড়িয়ে গেলেই সরকার গুদাম থেকে এনে খোলাবাজারে বিক্রি করে। টানা অবরোধ-হরতালের কারণে সরবরাহ কমে যাওয়ায় বাজারে মোটা চালের কেজি বর্তমানে মানভেদে ৩৫ থেকে ৩৭ টাকা। কিন্তু এই দাম বাড়ার পরও খোলাবাজারে বিক্রির কার্যক্রম কমিয়ে এনেছে খাদ্য অধিদপ্তর।
খাদ্য অধিদপ্তরের সূত্র জানায়, এই কমিয়ে আনার কারণ রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানের সরকারি গুদামে মজুত কমে যাওয়া। কারণ, সরকারি সাইলো (বড় খাদ্যগুদাম) থেকে জেলা-উপজেলা পর্যায়ে চাল পৌঁছানো যাচ্ছে না।
এ বিষয়ে জানতে চাইলে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দেশের সবকিছুর মধ্যে যেমন সমস্যা চলছে, খাদ্য সরবরাহের ক্ষেত্রেও হচ্ছে। এই পরিস্থিতিতে প্রয়োজনে পুলিশের সহায়তা চাইব।’
সরকারি চালবোঝাই দুটি ট্রাকে গত মঙ্গলবার পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া গত এক মাসে চাল-গমবাহী ১০টি ট্রাকে পেট্রলবোমা হামলা হয়। অবরোধ শুরুর এক সপ্তাহের মধ্যে ট্রাকের ভাড়াও বেড়ে গেছে।
খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, এই পরিস্থিতিতে সরকারি খাদ্যগুদামে পরিবহনের জন্য খাদ্য মন্ত্রণালয় চাল-গমবাহী প্রতিটি ট্রাকের জন্য পুলিশি পাহারা চেয়ে গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো কিছু জানায়নি।
সূত্র জানায়, খাদ্য অধিদপ্তর গত মাসে ২৮ হাজার ৬০০ মেট্রিক টন খাদ্য বিভিন্ন স্থানে পরিবহনের জন্য ছাড় করেছে। কিন্তু ৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র ২ হাজার ৬৬৮ টন চাল পরিবহন হয়েছে। একই সময়ে মোট ১৫ হাজার ৯০ টন গম বিভিন্ন স্থানে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু গম পৌঁছানো গেছে ৫ হাজার ৮৩০ টন।
খাদ্য বিভাগ তাদের নিবন্ধিত ঠিকাদারদের মাধ্যমে চাল পরিবহন করে। কিন্তু অতিরিক্ত ভাড়া এবং আগুনে পোড়ার ক্ষয়ক্ষতির দায় নেয় না। এ জন্য অনেক ঠিকাদার সরকারি চাল পরিবহনে রাজি হচ্ছেন না। ব্যবসায়ীরা বেশি ভাড়া দিয়ে ও নিজস্ব ব্যবস্থাপনায় খাদ্য পরিবহন করে সরবরাহ ঠিক রাখার চেষ্টা করছেন। কিন্তু অতিরিক্ত ট্রাক ভাড়ার প্রভাব পড়ছে বাজারে চালের দামে।
খাদ্য মজুত আইন অনুযায়ী, প্রতিটি খাদ্যগুদামে কমপক্ষে তিন মাসের খাদ্যশস্য (চাল-গম) মজুত রাখার কথা। রাজধানীর তেজগাঁও গুদামে রোববার পর্যন্ত সরকারি চালের মজুত ছিল ৯ হাজার ২৬১ টন। অথচ ওই গুদামের ধারণক্ষমতা ৩২ হাজার ৫০০ টন। সংকট কাটাতে ৮ জানুয়ারি দিনাজপুর, জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ ও বগুড়া জেলার খাদ্যগুদাম থেকে ৯ হাজার ২০০ টন চাল তেজগাঁও গুদামে স্থানান্তরের জন্য খাদ্য অধিদপ্তর নির্দেশনা দিলেও মঙ্গলবার পর্যন্ত মাত্র ১ হাজার ৮৬৩ টন চাল এসেছে।
একইভাবে ২০ জানুয়ারি খুলনার মহেশ্বরপাশা খাদ্যগুদাম থেকে নৌপথে ১ হাজার ২০০ টন চাল বরিশালে পাঠানোর নির্দেশনা দিলেও মঙ্গলবার পর্যন্ত ৩০০ টন পৌঁছেছে। ২২ জানুয়ারি ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, পাবনা ও বগুড়ার গুদাম থেকে নৌপথে ৫ হাজার ৬০০ এবং সড়কপথে ৬ হাজার টন চাল ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের সরকারি গুদামে স্থানান্তরের নির্দেশনা ছিল। স্থানান্তর করা হয়েছে মাত্র ৪৯৫ টন।
১ ফেব্রুয়ারি মহেশ্বরপাশা গুদাম থেকে বরিশালে এক হাজার টন চাল স্থানান্তরের সিদ্ধান্ত মঙ্গলবার পর্যন্ত বাস্তবায়ন করা যায়নি। নওগাঁ, পাবনা, নীলফামারী ও কুড়িগ্রামের সরকারি গুদাম থেকে ৫ হাজার ১০০ টন চাল ঢাকা ও খুলনায় পাঠানোর নির্দেশনা থাকলেও চাল যায়নি।
মুলাডুলি সিএসডি থেকে ৮ জানুয়ারি ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে সড়কপথে ১ হাজার ৯০০ টন গম স্থানান্তরের নির্দেশনা থাকলেও পরিবাহিত হয়েছে ৮১০ টন। জানুয়ারিতে ঢাকার জন্য ১২ হাজার ২৫০ টন চাল-গম স্থানান্তরের কথা থাকলেও ৫ হাজার ২০ টন স্থানান্তর হয়েছে।
আয়বঞ্চিত মালিক-শ্রমিক: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও মালিক সমিতির হিসাবে, সারা দেশে বাস-মিনিবাস চলে প্রায় ৬০ হাজার। হরতাল-অবরোধে প্রায় ৪২ হাজার বাস-মিনিবাস বসে আছে। চালক-মালিকেরা প্রতিদিন একটি বাস-মিনিবাস থেকে গড়ে আট হাজার টাকা আয় করেন। সে হিসেবে প্রতিদিন গড়ে প্রায় ৩৪ কোটি টাকা আয়বঞ্চিত হচ্ছেন মালিক-শ্রমিকেরা। এ হিসাবে গত এক মাসে আয়বঞ্চিত হয়েছেন এক হাজার কোটি টাকা।
বিআরটিএর সূত্র জানিয়েছে, সারা দেশে ট্রাক-কাভার্ড ভ্যান চলে এক লাখ ২০ হাজার। বর্তমানে প্রায় ৭২ হাজার ট্রাক-কাভার্ড ভ্যান চলছে না। চলাচল বন্ধ থাকার কারণে প্রতিদিন চার হাজার টাকা আয়বঞ্চিত হচ্ছেন মালিক-শ্রমিকেরা। ৭২ হাজার ট্রাকে দৈনিক আয় বন্ধ প্রায় ২৯ কোটি টাকা। আর এক মাসে আয় বঞ্চিত হয়েছেন ৮৬৪ কোটি টাকা।
ট্রাক মালিক সমিতির এক নেতা বলেন, তাঁর আটটি ট্রাক পল্লী বিদ্যুতের পোল ও একটি কেবল কোম্পানির তার পরিবহন করে। হরতাল-অবরোধ শুরু হওয়ার পর ট্রাক সব বন্ধ করে দিয়েছেন। চালক-শ্রমিকদেরও ছুটি দিয়ে দিয়েছেন।
অবশ্য বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ দাবি করেন, অবরোধ-হরতালের কারণে প্রতিদিন পরিবহন খাতে ১৫০ কোটি টাকা ক্ষতি হচ্ছে।
ক্ষয়ক্ষতির হিসাব: বিআরটিএর হিসাবে, গত ৬ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত সারা দেশে ৮২৫টি যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এসব যানবাহনে ক্ষতির পরিমাণ প্রায় ৭০ কোটি টাকা। প্রথম আলোর হিসাবে গত মঙ্গলবার পর্যন্ত আগুন ও ভাঙচুরের শিকার হয়েছে ৯০৬টি যান। বিআরটিএর এক কর্মকর্তা বলেন, এখন ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকার কাছাকাছি হয়ে গেছে।
পরিবহন মালিক সমিতির হিসাবে, ২০১২ সালের অক্টোবর থেকে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন পর্যন্ত প্রায় এক হাজার যানে আগুন দেওয়া হয়েছিল। তখন ভাঙচুর করা হয়েছিল সাড়ে তিন হাজার যানবাহন।
অবরোধ শুরু হওয়ার পর রেলওয়েতে নয়টি নাশকতার ঘটনায় ১২টি কোচ ও দুটি ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব মেরামতে ১ কোটি ২০ লাখ টাকা খরচ হবে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে। অবরোধ শুরুর পর রেলের যাত্রী ও আয়—দুই-ই কমেছে।
গত মাসে টোলবাবদ বঙ্গবন্ধু সেতুর আয় কমেছে প্রায় ১২ কোটি টাকা।
পুলিশ সদর দপ্তরের ৫ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ২৯ দিনের হিসাব মতে, সারা দেশে ১২০টি যানবাহনে পেট্রলবোমার সাহায্যে আগুন দেওয়া হয়েছে। অন্য উপায়ে আগুন দেওয়া হয় ৪৩৪টি যানে। সবচেয়ে বেশি গাড়ি পুড়েছে ঢাকায়, ১০৯টি। চট্টগ্রাম ও রাজশাহী অঞ্চলে পুড়েছে যথাক্রমে ৮৯ ও ৭৭টি যান। এ সময় ভাঙচুর করা হয়েছে ৩৫০ যানবাহন। সবচেয়ে বেশি গাড়ি ভাঙচুর হয়েছে চট্টগ্রামে, ১০১টি। ককটেল নিক্ষেপ হয়েছে সবচেয়ে বেশি রাজশাহী অঞ্চলে।
হতাহতের পরিসংখ্যান থেকে জানা গেছে, পুলিশের হিসাবে মঙ্গলবার পর্যন্ত ২৯ দিনে ৩১ জন নিহত ও ৩৮২ জন আহত হয়েছেন। এর মধ্যে অগ্নিদগ্ধ হয়েছেন ১২৬ জন, ককটেলে আহত হয়েছেন ২৬৫ জন। হরতাল-অবরোধে ২৬৩ জন পুলিশ সদস্যও আহত হয়েছেন।