সরকারি খামার হাঁস-মুরগিশূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের সরকারি হাঁস-মুরগির খামারে কোনো হাঁস-মুরগি নেই। সংস্কারের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে খামারের খাদ্যগুদাম, ব্যবস্থাপকের বাসভবন ও কর্মকর্তা-কর্মচারীদের কোয়ার্টারগুলো।খামার এলাকার ওষুধ ব্যবসায়ী জাহিরুল ইসলাম জানান, খামারের লোকজন পাঁচ-ছয় মাস পর পর কিছু বাচ্চা এনে বিক্রি করেন। বাকি সময় তাঁরা অলস কাটান।খামার সূত্রে জানা গেছে, ১৯৮২-৮৩ অর্থবছরে ঠাকুরগাঁওয়ের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় (সদর হাসপাতালের সামনে) তিন একর ১৭ শতক জায়গায় হাঁস-মুরগির খামারটি গড়ে তোলা হয়। কয়েক বছর ভালো চলার পর এর অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। এখানে বিভিন্ন খামার থেকে এক দিনের বাচ্চা এনে পালন করে ৪৩ দিন পর সেগুলো বিক্রি করেন। সর্বশেষ গত মার্চ মাসের প্রথম সপ্তাহে ফাউমি ও সোনালি জাতের এক হাজার ৪৮০টি মুরগি বিক্রি করা হয়েছে। এর পর থেকে খামারটি পড়ে আছে। এর আগে ২০০৯-১০ অর্থবছরে ১২ হাজার ২৮৫টি মুরগি এবং গত সেপ্টেম্বর মাসে সাড়ে তিন হাজার ও নভেম্বরে দুই হাজার মুরগি বিক্রি করা হয়।রংপুর সরকারি হাঁস-মুরগির খামার থেকে ফাউমি ও সোনালি জাতের মুরগির এক দিনের বাচ্চা এনে এখানে পালন করা হতো। কিন্তু গত বছরের এপ্রিল মাসে রংপুর খামারে বার্ড ফ্লু দেখা দেয়। এর পর থেকে খামারে মুরগি উৎপাদন কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়। এ কারণে জয়পুরহাটের জামালগঞ্জ খামার থেকে মুরগির বাচ্চা আনা হয়। কিন্তু তাঁরা বিভিন্ন খামারের চাহিদা অনুযায়ী মুরগির বাচ্চা সরবরাহ করতে পারছেন না।সরেজমিনে দেখা গেছে, খামারের বিভিন্ন আঙিনা আগাছায় ভরা। খামারটিতে হাঁস-মুরগি পালনের তিনটি শেড থাকলেও একটিতেও হাঁস-মুরগি নেই। খামারে বাচ্চা ফোটানোর জন্য হ্যাচারির শেড থাকলেও শুরু থেকে সেখানে বাচ্চা ফোটানোর কোনো মেশিন বসানো হয়নি। এই শেডটি মাঝেমধ্যে বাচ্চা ব্রিডিং (বড় করা) কাজে ব্যবহার করা হয়। মুরগি পরিবহনে খামারের জিপ গাড়িটি দীর্ঘদিন ধরে অকেজো পড়ে আছে। সংস্কারের অভাবে খামারের খাদ্যগুদাম, ব্যবস্থাপকের বাসভবন ও কর্মকর্তা-কর্মচারীদের কোয়ার্টারগুলো জরাজীর্ণ হয়ে পড়ে আছে।ভারপ্রাপ্ত খামার ব্যবস্থাপক রায়হান আলী জানান, ঠাকুরগাঁও ও এর আশপাশের এলাকায় বছরে প্রায় ৭০ হাজার মুরগির চাহিদা রয়েছে। এ খামারে বছরে ২৫ হাজার মুরগি পালনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা রয়েছে। কিন্তু বার্ড ফ্লুর আশঙ্কায় ও এক দিনের মুরগির বাচ্চা নিয়মিত সরবরাহ না পাওয়ায় লক্ষ্যমাত্রা ১০ হাজারে নামিয়ে আনা হয়েছে। এখন বছরে বরাদ্দ পাওয়া যাচ্ছে আট লাখ টাকা। নিয়মিত বরাদ্দ ও বাচ্চা সরবরাহ পেলে এখান থেকে জেলার মুরগির চাহিদা পূরণ করা সম্ভব।জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান জানান, প্রয়োজনীয়সংখ্যক শেড নির্মাণ, অত্যাধুনিক ব্রিডিং হাউস ও হ্যাচারি স্থাপন করে নিয়মিত এক দিনের বাচ্চা উৎপাদন নিশ্চিত করা গেলে এলাকায় মুরগির চাহিদা পূরণে ভূমিকা রাখতে পারবে।