সরকারি খাল থেকে মাটি উত্তোলনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের স্থানীয় এক নেতার ভাই ও আত্মীয়ের বিরুদ্ধে খননযন্ত্র দিয়ে সরকারি খাল থেকে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে খালপাড়ের ক্ষতিগ্রস্ত জমির মালিক চুন্নু শেখ গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগে জানা গেছে, উপজেলার উজানচর ইউনিয়নের ফৈজদ্দিন মাতব্বরপাড়া ও হাবিল মণ্ডলপাড়া এলাকার সরকারি খাল থেকে স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছলিম মাতব্বর ওরফে ছলিম শেখের ছোট ভাই আবদুর রাজ্জাক শেখ তিন-চার দিন ধরে দুটি স্যালো ইঞ্জিন বসিয়ে মাটি উত্তোলন করছেন। হাবিল মণ্ডলপাড়ার চুন্নু শেখ বলেন, ‘পাঁচ-ছয় মাস আগে ফৈজদ্দিন মাতব্বরপাড়ার ছলিম মাতব্বর ও তাঁর চাচাতো ভাই আবু বক্কারসহ কয়েকজন খালে গভীর গর্ত করে এক লাখ ঘন ফুটের বেশি মাটি উত্তোলন করে বসতভিটা তৈরি করেন। এ কারণে পাড় ভেঙে আমার পাঁচ কাঠা জমি, ছয়টি মেহগনিগাছ খালের পেটে চলে গেছে। নতুন করে তিন-চার দিন ধরে রাজ্জাক শেখ দলীয় প্রভাব খাটিয়ে খাল থেকে মাটি উত্তোলন করছেন।’সরেজমিনে দেখা গেছে, দুটি গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া খালের এক পাড়ে দুটি স্যালো ইঞ্জিনচালিত খননযন্ত্র। খাল থেকে আনুমানিক ৪০০ ফুট দূরে রাজ্জাক শেখের বসতঘরের ভিটায় মাটি ফেলতে পাইপ বসানো হয়েছে। খননযন্ত্রের বিপরীত পাড়ে কিছু ফসলি জমি ভেঙে খালে চলে গেছে। এ ব্যাপারে রাজ্জাক শেখ দাবি করেন, ‘প্রায় দু-তিন বছর আগে গ্রামের সবাই খাল থেকে কিছু কিছু করে মাটি কেটেছেন। এবার সামান্য কিছু মাটির প্রয়োজনে আমি মাটি কাটতে ড্রেজার বসিয়েছি। এখনো মাটি কাটা শুরু করিনি। গত বছর ভারী বৃষ্টির কারণে চুন্নুর জমি ভেঙে গেছে, খালে মাটি কাটার জন্য নয়।’ আওয়ামী লীগের নেতা ছলিম শেখ দাবি করেন, ‘আমার পরিবারের কেউ ড্রেজার দিয়ে মাটি তোলেননি।’ তাহলে আজও (বুধবার) খালে ড্রেজার রাখা কেন জানতে চাইলে বলেন, ‘ড্রেজার ছিল, এখন সরিয়ে নিতে বলেছি। এ জন্য আজ দলের নেতাদের সঙ্গে করে ইউএনওর সঙ্গে কথা বলছি।’ উজানচর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) মোশাররফ হোসেন বলেন, ২০০২ সালে সরকার ঘোষিত পরিপত্র অনুযায়ী হাট, বাজার, বাঁধ, রাস্তা, খালসহ সরকারি জায়গার সীমানার অন্তত ১০০ গজ নিরাপদ দূর থেকে মাটি কাটা যাবে। এ ক্ষেত্রে সীমানার সঙ্গে নিজস্ব জমি থাকলেও খনন করা যাবে না।ইউএনও ছরোয়ার হোসেন জানান, এসংক্রান্ত একটি অভিযোগ পাওয়ার পর স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে বিষয়টি সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।