সরকারি খাল ভরাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার যোগীভিটা গ্রামে ব্যক্তিগত জমিতে পুকুর খননের নামে সরকারি একটি খালে মাটি ফেলে পানিনিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়া হচ্ছে। এ ঘটনায় যোগীভিটা গ্রামের ৭০ জন বাসিন্দা উপজেলা চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
যোগীভিটা গ্রামের নাজমুল হুদা বলেন, মাটি ফেলে ভরাট করায় খালে পানি আটকে আছে। এতে বর্ষা মৌসুমে তিনটি গ্রামের ফসলি মাঠ বৃষ্টির পানিতে তলিয়ে যেতে পারে।
অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হক বলেন, অভিযোগটি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠানো হয়েছে। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
গত মঙ্গলবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, যোগীভিটা খালের ওপর নির্মিত আরসিসি সেতুর পশ্চিম পাশে শ্রমিকেরা পুকুর খননের কাজ করছেন। শ্রমিকেরা সেখানকার কাটা মাটি খালে ফেলছেন। এ কারণে খালের পানি আটকে গেছে।
চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, যোগীভিটা মৌজার ৩২৬ নম্বর দাগে (খাসজমি) পানিনিষ্কাশনের জন্য একটি সরকারি খাল রয়েছে। গ্রামের আবদুল আজিজ নামের এক ব্যক্তি খালের পাশে তাঁর ব্যক্তিমালিকানা জমিতে পুকুর খনন করছেন। গত রোববার থেকে শ্রমিকেরা পুকুর খননকাজ শুরু করেন। তাঁরা মাটি কেটে খালে ফেলে সেটি ভরাট করে ফেলেছে। এতে খালে পানি চলাচল বন্ধ হয়ে গেছে। অথচ এই খালের পানি দিয়ে যোগীভিটা, সোনাই মাগুড়া ও বেলঘরিয়া গ্রামের ফসলি মাঠে পানি সেচ দেওয়া হয়।
আবদুল আজিজ খাল ভরাট করার কথা অস্বীকার করে জানান, খালের পাশে তাঁর নিজ জমিতে পুকুর খনন করাচ্ছেন। খালের ভেতরেও তাঁর জমি রয়েছে। সেখানেই শ্রমিকেরা মাটি ফেলেছেন।
ইউএনও গোলাম মো. শাহনেওয়াজ বলেন, বিষয়টি তদন্তের জন্য লোক পাঠানো হচ্ছে।