সরকারি খাল ভরাট করে দখল
কক্সবাজারের টেকনাফের পানছড়িপাড়া-মণ্ডলপাড়া সংযোগ খালটি স্থানীয় একজন সাবেক ইউপি সদস্য মাটি ভরাট করে দখলে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।খালটি ভরাট হয়ে গেলে আসন্ন বর্ষা মৌসুমে সংশ্লিষ্ট এলাকার পানি প্রবাহে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। ফলে পাশের গ্রামগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এখনই ব্যবস্থা না নিতে এলাকাবাসী উপজেলা প্রশাসন বরাবর অভিযোগ করেছেন।এলাকাবাসী সূত্রে জানা যায়, সাবরাং ইউনিয়নের পানছড়িপাড়া ও মণ্ডলপাড়া সংযোগ খালটি সরকারি খাস খতিয়ানভুক্ত। পানছড়িপাড়া, মণ্ডলপাড়া, চৌধুরীপাড়া, মগপাড়া, সিকদারপাড়া, লেজিরপাড়া, আছারবনিয়া, বাজারপাড়া, খয়রাতিপাড়া ও বড় বাজার এলাকার পানি নিষ্কাশনের একমাত্র খাল এটি। স্থানীয় সাবেক ইউপি সদস্য কবির আহমদ ওরফে তালা কবির শ্রমিক নিয়োগ করে তাঁর মালিকানাধীন জমি থেকে মাটি কেটে খাল ভরাট করছেন। এ খাল দিয়ে বর্ষা মৌসুমে আশপাশের ১০টি গ্রামের পানি নিষ্কাশিত হয় এবং শুষ্ক মৌসুমে চাষিরা বোরো চাষাবাদ করেন।সুশাসনের জন্য নাগরিকের (সুজন) উপজেলা সাধারণ সম্পাদক এ বি এম আবুল হোসেন বলেন, ‘খাল ভরাট ও জবরদখল বন্ধ করতে সরকার আইন করলেও প্রভাবশালী ব্যক্তিরা তা তোয়াক্কা করছেন না। তাই খালটি রক্ষার্থে এখনই আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’ গত সোমবার সরেজমিন দেখা যায়, মণ্ডলপাড়া-বাজারপাড়া সড়কের পাশে মাটি কেটে খাল ভরাট করছেন ১১ জন শ্রমিক। প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্যের খাল ভরাট করা হয়েছে। শ্রমিক আলী হোসেন বলেন, ‘খালটি কার, সেটি আমরা জানি না। এখানে মাটি ফেলে ভরাট করার জন্য কবির আহমদ ওরফে তালা কবির আমাদের দৈনিক ৩০০ টাকা মজুরি দিচ্ছেন। তাই আমরা ভরাটকাজ চালিয়ে যাচ্ছি।’ জানতে চাইলে কবির আহমদ দাবি করে বলেন, ‘আমি খালের কোনো জমি দখল করছি না। আমার মালিকানাধীন জমি রক্ষার্থে বাঁধ নির্মাণ করছি।’উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিক মিয়া বলেন, খালটি খনন করার জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় আনার প্রক্রিয়া চলছিল। খাল ভরাটের ফলে বর্ষা মৌসুমে এলাকার প্রায় ১০টি গ্রামে অকাল বন্যা দেখা দিতে পারে।উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন বলেন, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খাল ভরাটের অভিযোগ পাওয়া গেছে। তাই বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে।