সরকারি খালের মাছ বেচতে গিয়ে ধরা খেলেন আ.লীগ নেতা
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামে একটি সরকারি খালের মাছ অবৈধভাবে ধরে বিক্রি করার উদ্যোগ নিয়েছিলেন আওয়ামী লীগের স্থানীয় এক নেতা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত আলী ঘটনাস্থলে এসে মাছগুলো জব্দ করেন। পরে তিনি এসব মাছ নিলাম ডেকে বিক্রি করে দেন। গত রোববার এ ঘটনা ঘটে।উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যা থেকে বড় বাইশদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন তাঁর লোকজন দিয়ে স্লুইসগেটের পাশের খাল থেকে মাছ ধরতে শুরু করেন। কিছুক্ষণ পর স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে আসেন। প্রশাসনের লোকজনের উপস্থিতি টের পেয়ে হেলাল উদ্দিন এবং তাঁর লোকজন পালিয়ে যান। পরে ইউএনও ওই খাল থেকে ধরা বিভিন্ন প্রজাতির ১১ মণ মাছ জব্দ করেন। রাতেই তিনি প্রকাশ্য নিলাম ডেকে মাছগুলো ৬৮ হাজার টাকায় বিক্রি করে দেন। ইউএনও লিয়াকত আলী বলেন, ‘হেলাল উদ্দিন সরকারি খালের মাছ ধরছেন, এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তাঁকে এবং তাঁর লোকজনকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে ওই খাল থেকে ধরা ১১ মণ মাছ আটক করে নিলামে ৬৮ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে।’