সরকারি গাছ কাটলেন এনজিও কর্মকর্তারা!
বগুড়ার ধুনট সমন্বিত উন্নয়ন প্রকল্প (ডিআইডিপি) নামের একটি বেসরকারি সংস্থার কর্মকর্তারা সরকারি রাস্তার ৫২টি গাছ কেটে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বনায়ন প্রকল্পের সুবিধাভোগী এক নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে ধুনট থানায় অভিযোগ দিয়েছেন।মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯২ সালে ওই সংস্থার অর্থায়নে ধুনট উপজেলার ভুবনগাতী-দিঘলকান্দি, মথুরাপুর-ধেরুয়াহাটি ও কাশিয়াহাটা-মথুরাপুর বাজার রাস্তার দুই পাশে বিভিন্ন জাতের বনজ গাছ রোপণ করা হয়। নিয়ম অনুযায়ী গাছ বিক্রির অর্থের ৬০ শতাংশ সুবিধাভোগী দরিদ্র পরিবার, স্থানীয় ইউনিয়ন পরিষদ ২০ শতাংশ এবং ওই সংস্থাটি পাবে ২০ শতাংশ। কিন্তু গত ১২ সেপ্টেম্বর সরকারি এই তিনটি সড়ক থেকে বিভিন্ন জাতের ৫২টি গাছ সোয়া পাঁচ লাখ টাকায় বিক্রি করে দিয়ে সংস্থার কর্মকর্তারা পুরো অর্থ আত্মসাৎ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।অভিযোগের ব্যাপারে সংস্থার ব্যবস্থাপক আতিকুল হক বলেন, বিধি অনুযায়ী দরপত্র আহ্বানের মাধ্যমে ৫২টি গাছ বিক্রি করা হয়েছে। গাছ বিক্রির তিন লাখ ৮৫ হাজার টাকা ব্যাংকে সংস্থার হিসাব নম্বরে জমা করা হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগের কোনো ভিত্তি নেই। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হক বলেন, ‘ইউএনওর মাধ্যমে এনজিওর ছয় কর্মকর্তার বিরুদ্ধে গাছ কেটে অর্থ আত্মসাতের অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’