সরকারি গাছ কাটলেন জামায়াত নেতা

নাটোরের সিংড়া পৌর জামায়াতে ইসলামীর সহসভাপতি রওশন আরেফিন সরকারি জমি থেকে আজ সোমবার দুপুরে একটি করইগাছ কেটেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গাছটির দাম এক লাখ টাকার বেশি বলে জানা গেছে।
রওশন আরেফিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ভগ্নিপতি (প্রতিমন্ত্রীর বড় বোন ফাহমিদা আক্তারের স্বামী)।
সিংড়া উপজেলা ভূমি অফিসের কার্যালয় ও পৌরসভা সূত্র জানা যায়, আজ দুপুরে সিংড়া পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়িসংলগ্ন সরকারি জমি থেকে রওশন আরেফিন করইগাছটি কাটা শুরু করেন। এলাকাবাসীর মতে গাছটির বর্তমান মূল্য এক লাখ টাকার বেশি। নিজে উপস্থিত থেকে কয়েকজন শ্রমিককে দিয়ে তিনি গাছটি কাটান।
এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ভূমি অফিস থেকে গাছটি না সরাতে বলা হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে গাছের কাটা অংশ জব্দ করা হয়নি। এমনকি এ ব্যাপারে অভিযুক্ত ব্যক্তিকে কোনো নোটিশও দেওয়া হয়নি।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বলেন, ‘গাছটি খাসজমিতে ছিল। তবে আমরা শুনেছি, গাছটি রওশন আরেফিনের পূর্বপুরুষ লাগিয়েছিলেন।’ গাছটি রক্ষার ব্যাপারে তাঁর কোনো করণীয় ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এটা মন্ত্রী সাহেব ও এসি ল্যান্ডের ব্যাপার। আমাদের কিছু করার নাই।’ স্থানীয় কাঠ ব্যবসায়ী আরমান আলী বলেন, গাছটির মূল্য বর্তমানে এক লাখ টাকার কিছু বেশি হতে পারে।

এ ব্যাপারে জানতে চাইলে রওশন আরেফিন প্রথম আলোকে বলেন, ‘জমি সরকারি হলেও সেখানে গাছটি লাগিয়েছিলেন আমার পিতা। ভূমি অফিস থেকে গাছ কাটতে নিষেধ করা হলে আমি গাছের গোড়া পর্যন্ত কেটে বন্ধ রেখেছি। একই সঙ্গে আমি ভূমি অফিসে গাছটির তিন ভাগের দুই ভাগ পাওয়ার জন্য আবেদন করেছি।’
সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম বলেন, ‘গাছটি সরকারি জমির ওপরে লাগানো ছিল। তবে শুনেছি গাছটি রওশন আরেফিন নামের একজনের পিতা লাগিয়েছিলেন। তাই আমরা গাছটি কাটতে বারণ করেছি। গাছটির দাবিদার রওশন আরেফিন ইতিমধ্যে আমাদের কাছে গাছের কিছু অংশ পাওয়ার জন্য আবেদন করেছেন। বিষয়টি সুরাহা না করা পর্যন্ত গাছটি ওই জমিতে থাকবে।’