সরকারি গাছ কাটলেন জামায়াত নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আবদুল মোবিনের বিরুদ্ধে গতকাল রোববার সরকারি দুটি গাছ কেটে নেওয়ার ও খাল দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ভূমি কার্যালয়ের লোকজন ঘটনাস্থলে গিয়ে কাটা গাছের অংশগুলো উদ্ধার এবং খাল দখলের চেষ্টায় বাধা দেন।এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, আবদুল মোবিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের পাশে প্রায় ৫০ বছরের পুরোনো একটি কৃষ্ণচূড়া এবং একটি রেইনট্রি গাছ কেটে ফেলেন। গতকাল সকালে কাটা গাছগুলো ভটভটিতে করে নিয়ে যাচ্ছিলেন তিনি। খবর পেয়ে ইউএনও শাহগীর আলম ঘটনাস্থলে গিয়ে কাটা গাছের অংশগুলো উদ্ধার ও খাল দখলের চেষ্টায় বাধা দেন। পরে উপজেলা ভূমি কার্যালয়ের লোকজনও সেখানে যান।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক লোক জানান, জেলা পরিষদের সার্ভেয়ারের সঙ্গে অভিযুক্ত ওই জামায়াত নেতার অনৈতিক লেনদেনের কারণে সার্ভেয়ার বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন।জামায়াত নেতার সঙ্গে অনৈতিক লেনদেন প্রসঙ্গে জানতে চাইলে জেলা পরিষদের সার্ভেয়ার জহিরুল কাইয়ুম বিষয়টি এড়িয়ে যান।মো. শাহগীর আলম জানান, গাছগুলো জেলা পরিষদের জায়গায় হওয়ায় তাৎক্ষণিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ব্যাপারে জেলা পরিষদ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।অভিযোগ প্রসঙ্গে আবদুল মোবিন জানান, তিনি তাঁর জায়গার গাছ কেটেছেন, সরকারি জায়গার গাছ কাটেননি। এ ছাড়া খাল দখলের ব্যাপারে তিনি বলেন, ওই জায়গা তিনি জেলা পরিষদ থেকে ইজারা নিয়েছেন।কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. ওমর ফারুক জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে একজন সার্ভেয়ার পাঠানো হয়েছে। তাঁর দেওয়া প্রতিবেদন পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।