সরকারি গাছ কাটার অপরাধে ইটভাটার মালিক কারাগারে
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দেহাটি গ্রামে সরকারি গাছ কাটার অভিযোগে পুলিশ মাসুদুজ্জামান (৩৮) নামের এক ইটভাটার মালিককে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার ভোরে তিনি শ্রমিকদের দিয়ে তাঁর নিউ ব্রিকস ইটভাটার সামনের রাস্তার গাছ কাটার সময় পুলিশের টহলদল তাঁকে হাতেনাতে ধরে ফেলে। এ ঘটনায় জীবননগর থানার উপপরিদর্শক মতলেবুর রহমান বাদী হয়ে মঙ্গলবার সকালে ইটভাটার মালিক মাসুদুজ্জামানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। আদালতর মাধ্যমে তাঁকে জেলাহাজতে পাঠানো হয়েছে। মামলার বাদী ও তদন্তকারী কর্মকর্তা জীবননগর থানার উপপরিদর্শক মতলেবুর রহমান জানান, মঙ্গলবার ভোর সোয়া চারটার দিকে দেহাটি গ্রামের নিউ ব্রিকসের সামনে কয়েকজন শ্রমিককে রাস্তার পাশের গাছ কাটতে দেখা যায়। পুলিশের গাড়ি থামানোর সঙ্গে সঙ্গেই শ্রমিকেরা সরে যায়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ইটভাটার মালিককে হাতেনাতে আটক এবং পরবর্তী সময়ে নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়। কাটা গাছ জব্দ করে থানায় জমা রাখা হয়েছে। গাছের দাম প্রায় ২৫ হাজার টাকা। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই মাসুদুজ্জামান তাঁর ইটভাটায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাছ পুড়িয়ে আসছিলেন। গত ২১ নভেম্বর চুয়াডাঙ্গার নির্বাহী হাকিম সায়েমুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ওই ভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং ভাটা বন্ধ রাখার আদেশ দেন। আদেশ উপেক্ষা করে ইট পোড়ানোর পাশাপাশি সরকারি গাছ চুরির ঘটনা ঘটিয়েছেন তিনি।