সরকারি গাছ কাটার চেষ্টা যুবলীগ নেতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে সরকারি জায়গায় লাগানো গাছ কাটার চেষ্টা করেছেন যুবলীগের স্থানীয় এক নেতা।
স্থানীয় সূত্র জানায়, ফটিকছড়ি সিনিয়র মাদ্রাসার সামনে জেলা পরিষদের জায়গায় প্রায় ৫০ বছরের পুরোনো একটি গাছ গত শনিবার থেকে কাটতে শুরু করেন ফটিকছড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. ফরহাদ উদ্দিন। গতকাল রোববার সকাল পর্যন্ত গাছটির অনেক ডালপালা কেটে ফেলা হয়। বিষয়টি জানতে পারেন ইউএনও মো. নজরুল ইসলাম। তিনি গাছ কাটা বন্ধ করতে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
ফটিকছড়ি থানার ওসি মো. মফিজ উদ্দিন বলেন, ‘ইউএনওর নির্দেশে আমরা গাছ কাটা বন্ধ করে দিয়েছি।’
মো. ফরহাদ উদ্দিন বলেন, ‘গাছটি আমার পৈতৃক সম্পত্তির ওপর লাগানো। প্রশাসন আমার গাছ কাটা বন্ধ করতে পারে না।’