সরকারি গাছ কেটে খাট বানাচ্ছেন ওসি
বগুড়ার ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হকের বিরুদ্ধে অনুমতি ছাড়া সরকারি জায়গার তিনটি গাছ কাটার অভিযোগ উঠেছে। নিজের ব্যবহারের জন্য খাট তৈরি করতে তিনি গাছগুলো একটি কারখানায় দিয়েছেন। থানা সুত্রে জানা গেছে, থানার আশপাশে অব্যহূত খালি স্থানে বিভিন্ন সময়ে নানা জাতের কাঠ ও ফলের শতাধিক গাছ লাগানো হয়। ঈদুল ফিতরের সময় থানার অধিকাংশ পুলিশ সদস্য ছুটিতে ছিলেন। এই সুযোগে ঈদের আগের দিন সকালে শামসুল হক তাঁর বাসার পাশ থেকে তিনটি মেহগনিগাছ কেটে খাট তৈরি করতে কারখানায় দিয়েছেন। পাকুড়ীহাটা গ্রামের সোহরাব আলী বলেন, ‘আমি কাঠের ব্যবসা করি। ঈদের আগের দিন সকালে থানার গেট দিয়ে বাড়িতে যাওয়ার সময় ওসি স্যার আমাকে ডেকে নিয়ে গাছ কেটে দিতে বলেন। আমি স্যারের কথামতো তিনটি মেহগনিগাছ কেটে হাফিজারের কারখানায় দিয়েছি।’ওসি বলেন, ‘আমি পুলিশ সুপার স্যারের অনুমতি নিয়ে জ্বালানি কাজের জন্য মরা ও ছোট তিনটি গাছ কেটে লাকড়ি বানিয়েছি। গাছ কেটে আমার বাসার জন্য খাট তৈরির ঘটনা সত্য নয়।’ তবে পুলিশ সুপার মোজামেঞ্চল হক বলেন, ওসি তাঁর কাছ থেকে কোনো অনুমতি নেননি। ঘটনা সত্য হলে তাঁর বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।