সরকারি গাছ কেটে নিচ্ছেন আ.লীগ নেতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার নলী-ইটবাড়িয়া এলাকায় সড়কের পাশের গাছ কেটে নিচ্ছেন শ্রমিকেরা। ছবিটি বৃহস্পতিবার তোলা ষ প্রথম আলো
বরগুনার নলী-ইটবাড়িয়া এলাকায় সড়কের পাশের গাছ কেটে নিচ্ছেন শ্রমিকেরা। ছবিটি বৃহস্পতিবার তোলা ষ প্রথম আলো

বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের বাঁধের দুই পাশের গাছ কেটে সাবাড় করা হচ্ছে। গাছের গোড়া তুলে নেওয়ায় বাঁধে অনেক গর্তের সৃষ্টি হয়েছে। এতে বাঁধটির অস্তিত্ব হুমকির মুখে পড়বে বলে এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেছেন। আওয়ামী লীগের স্থানীয় এক নেতা এবং তাঁর স্বজনেরা গাছগুলো কেটে নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বরগুনা কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৩-৯৪ অর্থবছরে ঢলুয়া ইউনিয়নের নলী-ইটবাড়িয়া এলাকায় বন্যানিয়ন্ত্রণ বাঁধের দুই পাশে স্থানীয় লোকজন রেইনট্রি ও চাম্বলগাছের চারা রোপণ করেন। নিয়ম অনুযায়ী এসব গাছের মালিক পাউবো। প্রতিষ্ঠানটি এসব গাছ কেটে বিক্রি করবে। পরে তারা গাছ বিক্রির টাকার একটি অংশ স্থানীয় লোকজনের মধ্যে ভাগ করে দেবে।
এলাকাবাসী অভিযোগ করেন, পাউবোর অনুমতি ছাড়াই চার দিন ধরে ঢলুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি টুলু মোল্লা, তাঁর চাচা মজিদ মোল্লা, মাসুদ মোল্লা, মন্টু মোল্লাসহ আরও বেশ কয়েক ব্যক্তি শ্রমিক নিয়োগ করে গাছ কাটছেন। ইতিমধ্যে তাঁরা ২৫টি গাছ কেটে নিয়ে গেছেন। গত বছরের আগস্টে তাঁরা শতাধিক গাছ কেটে নিয়ে যান। একই এলাকার গাছ ব্যবসায়ী জয়নাল মল্লিক এসব গাছ কিনছেন।
মন্টু মোল্লা বলেন, ‘আমি গাছ কাটার সঙ্গে জড়িত নই।’ মাসুদ মোল্লা বলেন, ‘আমি গাছ কাটিনি।’ টুলু মোল্লার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদকের পরিচয় জানার পর সংযোগ কেটে দেন।

ঢলুয়া ইউনিয়নের বাসিন্দা আবদুল হালিম অভিযোগ করেন, গত বুধবার তিনি নির্বাহী প্রকৌশলীর সঙ্গে দেখা করে বিষয়টি জানান। নির্বাহী প্রকৌশলী একজন শাখা কর্মকর্তাকে ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ওই শাখা কর্মকর্তা বুধবার সকালে তাঁকে (হালিম) নিয়ে ঘটনাস্থলে গেলে টুলু মোল্লা তাঁদের হুমকি দেন। এ অবস্থায় তাঁরা ঘটনাস্থল থেকে চলে আসেন।
বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, বাঁধের দুই পাশের অন্তত ২৫টি রেইনট্রি ও চাম্বলগাছ কেটে ফেলা হয়েছে। গাছের গোড়া মাটি খুঁড়ে তুলে নেওয়ায় বাঁধে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গাছ ব্যবসায়ী জয়নাল মল্লিক গাছ কিনে নদীতে নোঙর করে রাখা কার্গোতে তুলছেন।

জয়নাল মল্লিক বলেন, ‘আমি মালিকদের কাছ থেকে গাছ কিনেছি। তাতে কার কী?’
পাউবোর বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল মালেক বলেন, ‘যারা গাছ কেটেছে, তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে মামলা করা হয়েছে।’