সরকারি গাছ কেটে নিচ্ছেন ইউএনও কার্যালয়ের কর্মচারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের অফিস সহকারী আবু সাঈদ ত্রিশাল উপজেলার দুটি সড়কের পাশ থেকে ১৫টি গাছ কেটে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কেটে নেওয়া এসব গাছের মূল্য কয়েক লাখ টাকা।গত বুধবার সরেজমিনে দেখা যায়, ত্রিশাল-কোনাবাখাইল সড়কের নিজবাখাইল এলাকায় তিনটি গাছ কাটছেন শ্রমিকেরা। গাছ কাটার কারণে সড়কের অর্ধেক অংশে মাটি তুলে রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। এ ছাড়া খাগাটি-বানারপাড় সড়কের পাশ থেকে অন্তত ১০টি রেইনট্রি কেটে নিয়েছেন। স্থানীয় গ্রামবাসী বাধা দিলেও তিনি সরকারি লোক এ দাবি করে গাছ কেটে নিচ্ছেন।হাফিজুল ইসলাম নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, একটি গাছের দাম ২০ থেকে ৫০ হাজার টাকা।কোনাবাখাইল গ্রামের অনেকে অভিযোগ করেন, আবু সাঈদ প্রভাব খাটিয়ে গাছ কেটে নিচ্ছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সড়কের পাশের এসব গাছের প্রকৃত মালিক ইউনিয়ন পরিষদ। এ ব্যাপারে স্থানীয় মোক্ষপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামছুদ্দিন বলেন, ‘সরকারি গাছ কাটার জন্য তিনি আমাদের কাছ থেকে অনুমতি নেননি। আমি গাছ কাটা বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’ তবে আবু সাঈদ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার জায়গা থেকে আমি গাছ কেটেছি, ওটা সরকারি জায়গা নয়।’ ত্রিশালের ইউএনও মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ঘটনা সত্য হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।