সরকারি গাছ কেটে নিলেন প্রভাবশালীরা
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামসংলগ্ন টগার হাওর লাগোয়া সরকারি হিজল-করচবাগ থেকে গত দুই সপ্তাহে শতাধিক গাছ কেটে নেওয়া হয়েছে। স্থানীয় প্রভাবশালী কিছু লোক এ কাজে জড়িত বলে অভিযোগ উঠেছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, চকিয়াচাপুর হিজল-করচবাগটি কয়েক মাস আগে সরকারি তালিকাভুক্ত করা হয়েছে। এটি এখন জেলা প্রশাসনের আওতাধীন। বাগটির আয়তন ৫৯ একর ৯০ শতক। এখানে ১১৯টি হিজল ও করচগাছ রয়েছে।
চকিয়াচাপুর ও পাশের বালিজুড়ী গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, চকিয়াচাপুর গ্রামের প্রভাবশালী জিতু মিয়া, মকবুল হোসেন ও ওয়াদুদ চৌধুরী মিলে দুই সপ্তাহ আগে শ্রমিক লাগিয়ে এ বাগের সব গাছ কেটে নেন। পরে এগুলো বিক্রি করে দেওয়া হয়েছে।
অভিযুক্ত জিতু মিয়া, মকবুল হোসেন ও ওয়াদুদ চৌধুরীও হিজল-করচবাগের গাছ কাটার কথা স্বীকার করেছেন। তবে তাঁদের দাবি, বাগটি সরকারি নয়। যেখান থেকে গাছগুলো কাটা হয়েছে, সে জমি গ্রামের কয়েকজনের নামে রেকর্ড করা। তাঁরা আরও জানান, মাস দুয়েক আগে গ্রামবাসীদের নিয়ে বৈঠক করেই গাছগুলো কাটা এবং বিক্রির সিদ্ধান্ত হয়েছে। তাঁদের সম্মতিতেই এক লাখ টাকায় গাছগুলো বিক্রি করা হয়েছে। এ টাকা স্থানীয় চারটি মসজিদ ও একটি শ্মশানের উন্নয়নে ব্যয় করা হবে।
এদিকে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য রুবেল কবির জানান, গ্রামবাসীর বৈঠকের বিষয়ে তিনি কিছু জানেন না। স্থানীয় মসজিদ ও শ্মশান উন্নয়ন সম্পর্কেও তিনি কিছু শুনেননি। এর বেশি আর কিছু বলতে সম্মত হননি ওই ইউপি সদস্য।
৫ সেপ্টেম্বর সরেজমিনে দেখা যায়, চকিয়াচাপুর হিজল-করচবাগের সব কটি গাছের গোড়াটুকু রেখে ওপরের বাকি অংশ কেটে ফেলা হয়েছে। গাছের নিম্নাংশটুকু পানিতে ভাসমান অবস্থায় রয়েছে।
ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত, তা জানি না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খালেদুর রহমান বলেন, ‘ওই বাগের গাছগুলো কেটে নেওয়া-সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’