সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে দুগ্ধ ও গবাদি প্রাণী উন্নয়ন খামার থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।উপজেলার মহিপুর এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কসংলগ্ন এই খামার সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালে খামারটি প্রতিষ্ঠার পর এখানে শিশু, মেহগনিগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়। এখন সরকারিভাবে এখানে ভেড়ার খামার চালু করা হয়েছে। দুটি খামারের দায়িত্বে আছেন দুজন কর্মকর্তা।নাম প্রকাশ না করার শর্তে খামারে কর্মরত একাধিক শ্রমিক জানান, গত দেড় মাসে খামারের প্রায় ২০টি মূল্যবান গাছ কেটে ফেলা হয়েছে। চিহ্ন মুছে ফেলার জন্য গাছের গোড়াও তুলে ফেলা হয়েছে। ১০ ফেব্রুয়ারি ভেড়ার খামারের ভেতর থেকে কাটা হয়েছে আটটি গাছ। এর আগেও বেশ কিছু গাছ কেটে নেওয়া হয়েছে।সূত্র জানায়, বেশির ভাগ গাছ ভোর রাতে কাটা হয়। গাছের ডালপালা কাটার নাম করে এসব গাছ কাটা হয়। এভাবে গাছ কাটা নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ রয়েছে।খামার সূত্র জানায়, যেকোনো গাছ কাটার প্রয়োজন হলে তা ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে দরপত্রের মাধ্যমে কাটার নির্দেশনা রয়েছে। এ পর্যন্ত যেসব গাছ কাটা হয়েছে, এর কোনো দরপত্র দেওয়া হয়নি। স্থানীয় দশমাইল, মহিপুরসহ আশপাশের এলাকার কয়েকজন ব্যবসায়ীর কাছে গোপনে এসব গাছ বিক্রি করা হয়। খামারের পাশের এলাকার বাসিন্দা মো. টুকু জানান, খামার থেকে মাঝেমধ্যে সন্ধ্যার দিকে গাছ কাটা হয়।ভেড়ার খামারের দায়িত্বপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান এ ঘটনা অস্বীকার করে জানান, খামারের বাইরে থেকে মাঝেমধ্যে লোকজন এসে গাছের পাতা কুড়ায়। তারা গাছের দু-একটি ডালপালা ভেঙে থাকতে পারে।একই খামারের অন্য অংশের দায়িত্বপ্রাপ্ত পশু উৎপাদন কর্মকর্তা আলী রেজা আহমেদ দাবি করেন, তাঁর খামারে গাছ কাটার কোনো ঘটনা ঘটেনি।