সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসনে স্থানীয় আওয়ামী লীগের এক নেতা চারটি সরকারি গাছ কেটে ফেলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিল আফরোজ বেগম বলেন, এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পর গাছগুলোর কিছু টুকরো জব্দ করা হয়েছে। এলাকার লোকজন বলেন, উপজেলার গাজীরটেক গ্রামের কাঁচা রাস্তাসংলগ্ন নিজ বাড়ির সামনে থেকে চারটি গাছ কেটে ফেলেন মোকসেদ আলী খান (৫৫) নামের এক ব্যক্তি। গাছগুলোর বাজারমূল্য অনুমানিক দেড় লাখ টাকা।মোকসেদ আলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। এলাকাবাসী জানান, গত মে মাসের শেষ সপ্তাহ থেকে গাছগুলো কাটা শুরু হয়। তিনটি গাছের কাটা অংশ সরিয়ে ফেলা সম্ভব হলেও একটি গাছের কাটা অংশ এখনো সরানো সম্ভব হয়নি। এ ব্যাপারে গত বুধবার ওই গ্রামের বাসিন্দা ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সালাউদ্দিন আহমেদ ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন। মোকসেদ আলী বলেন, ‘গাছগুলো সড়কের পাশে হলেও আমার মালিকানাধীন জমিতে পড়েছে।’উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুল হক বলেন, গাছগুলো মোকসেদ আলী খানের জমির সীমানায় ছিল। সে জন্য তাঁকে গাছগুলো কাটার অনুমতি দেওয়া হয়েছে। ইউএনও দিল আফরোজা বেগম বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ওই ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তার (তহশিলদার) মাধ্যমে গাছের কাটা অংশগুলো জব্দ করা হয়েছে। তহশিলদার মো. মাঈন উদ্দিন শিকদার বলেন, ‘আমি সার্ভেয়ার নিয়ে ওই সড়ক মেপে দেখেছি। এতে দেখা গেছে, গাছগুলো সরকারি সড়কের মধ্যে পড়েছে।’