সরকারি গাছ বিক্রি করেছেন আ.লীগের দুই নেতা
সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে তিনটি সড়কের পাশ থেকে গত দুই মাসে পর্যায়ক্রমে শতাধিক সরকারি গাছ কেটে নেওয়া হয়েছে। আওয়ামী লীগের স্থানীয় দুই নেতা গাছগুলো কাঠ ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এ বিষয়ে স্থানীয় লোকজন জেলা প্রশাসকের কাছে ৬ জানুয়ারি অভিযোগ দিয়েছেন। জেলা প্রশাসক বিষয়টি তদন্তের জন্য খলিলনগর ইউনিয়নের সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।হাজরাকাটি গ্রামের রফিকুল ইসলাম ও আবদুর রব অভিযোগ করেন, ১০ বছর আগে হাজরাকাটি গ্রামের মানিক সরদারের বাড়ি-বিল, হাজরাকাটি বাজার-দোলো গাজীর বাড়ি ও হাজরাকাটি বাজার-আটারই সড়কের দুই পাশে মেহগনি, শিশু, কড়াইসহ বিভিন্ন প্রজাতির কয়েক শ গাছ লাগানো হয়। বিভিন্ন সরকারি প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদ গাছগুলো লাগায়।নীতিমালা অনুযায়ী জেলা প্রশাসকের কার্যালয় থেকে দরপত্র আহ্বান করে গাছগুলো বিক্রি করার কথা। কিন্তু খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমান আলী সরদার এবং সাবেক সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবদুল হামিদ সরদার গাছগুলো একই গ্রামের মুনসুর আলী জোয়ার্দার, আসাদুজ্জামান মোড়লসহ কয়েকজন কাঠ ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন। গত বছরের ডিসেম্বর থেকে তাঁরা গাছগুলো কাটা শুরু করেন।মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, হাজরাকাটি গ্রামের তিনটি সড়কের পাশ থেকে কেটে নেওয়া গাছগুলোর গোড়া তুলে নিয়ে স্থানগুলো মাটি নিয়ে ভরাট করে দেওয়া হয়েছে। হাজরাকাটি গ্রামের সবিরণ বিবি ও নূর মোহামঞ্চদ বলেন, এসব গাছ বিক্রি করেছে আবদুল হামিদ সরদার। নিষেধ করলেও তিনি শোনেননি। হাজরাকাটি গ্রামের কাঠ ব্যবসায়ী মুনসুর আলী বলেন, তিনি তিনটি সড়কের পাশের ৭০-৮০টি গাছ হামিদ সরদারের কাছ থেকে আড়াই লাখ টাকা দিয়ে কিনেছেন। এ ছাড়া ইমান আলী সরদারের কাছ থেকে তাঁর বাড়ির সামনের ২০-২৫টি গাছ কিনেছেন।আবদুল হামিদ সরদার বলেন, কয়েক বছর আগে ইউপির সদস্য থাকাকালে তিনি এসব গাছ লাগিয়েছিলেন, ৫০-৬০টি গাছ বিক্রি করেছেন। আওয়ামী লীগ নেতা ইমান আলী সরদার দাবি করেন, তিনি সরকারি জায়গার গাছ বিক্রি করেননি, তাঁর জমিতে লাগানো গাছ বিক্রি করেছেন।খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ জানান, তিনি এ ব্যাপারে কিছু জানেন না। সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবদুল মালেক জানান, তিনি শতাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগের সত্যতা পেয়েছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে প্রতিবেদন জমা দেবেন।জেলা প্রশাসক আনোয়ার হোসেন হাওলাদার বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তালার ইউএনও মাহাবুবুর রহমানকে নির্দেশ দেওয়া হয়েছে।