সরকারি গাছ বিক্রির ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার বিভাগ্দী গ্রামের শংকরপাশা-ভাটপাড়া সড়কের সরকারি গাছ বিক্রি করে দেওয়ার ঘটনায় অবশেষে মামলা হয়েছে। যশোর জেলা পরিষদের সার্ভেয়ার এম এ মঞ্জু বাদী হয়ে গতকাল সোমবার রাতে অভয়নগর থানায় মামলাটি করেছেন।

মামলায় অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান মোড়লসহ চারজনকে আসামি করা হয়েছে। অপর আসামিরা হলেন ইকবাল হোসেন, মো. কালাম ও ইমরুল হোসেন। মামলায় অজ্ঞাত আরও আট-দশজনকে আসামি করা হয়েছে।

উপজেলার বিভাগ্দী গ্রামের শংকরপাশা-ভাটপাড়া সড়কের দুটি সরকারি মেহগনিগাছ কেটে নেওয়া হয় গত শুক্রবার। পরদিন শনিবার দুটি রেইনট্রি কাটা চলছিল। এ সময় ভাটপাড়া তদন্তকেন্দ্রের পুলিশের কয়েকজন সদস্যও সেখানে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান গাছ কাটার শ্রমিকেরা। গত রোববার আবার ওই গাছ দুটি কাটা শুরু করেন শ্রমিকেরা। বাঘুটিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. ফারুক হোসেন সে সময় সেখানে উপস্থিত হলে আবারও পালিয়ে যান তাঁরা। ততক্ষণে একটি গাছ তাঁরা কেটে ফেলেন।

যশোর জেলা পরিষদের সার্ভেয়ার এম এ মঞ্জু বলেন, ‘ইউপি সদস্য আবদুল মান্নান মোড়ল, তাঁর সহযোগী ও দুজন কাঠ ব্যবসায়ীকে আসামি করে মামলা করা হয়েছে।’