রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আব্বাস আলী গতকাল মঙ্গলবার সরকারি গাড়ি ব্যবহার করে শোভাযাত্রা করেন। পরে তিনি সমর্থকদের নিয়ে শহীদ এ এইচ এম কামারুজ্জামানের কবর জিয়ারত করতে যান।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, আব্বাস আলী গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কয়েক শ নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করে জাতীয় নেতা শহীদ এ এইচ এম কামারুজ্জামানের কবর ও হযরত শাহ মখদুমের মাজার জিয়ারত করেন। এ সময় তাঁর শোভাযাত্রায় রাজশাহী চিনিকলের একটি বাসও ছিল। আব্বাস আলীর কর্মী-সমর্থকেরা ছিলেন ওই বাসে। তার আগে আব্বাস আলী একটি মোটরসাইকেল করে যাচ্ছিলেন।
শোভাযাত্রায় থাকা পাঁচ কর্মী বলেন, আজ বুধবার থেকে দলীয় প্রার্থীরা স্বল্প পরিসরে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন। আব্বাস আলী প্রচারণা কর্মসূচি শুরুর জন্য গতকাল মাজার জিয়ারত করতে যান। কোনো ব্যানার ফেস্টুন না থাকলেও তাঁর এই শোভাযাত্রা একরকম নির্বাচনী প্রচারণাই ছিল।
এ বিষয়ে আব্বাস আলী বলেন, তিনি মোটরসাইকেলে চড়ে মাজার জিয়ারত করতে গিয়েছিলেন। রাজশাহী চিনিকল শ্রমিক লীগের নেতা-কর্মীরা চিনিকলের গাড়িটি ব্যবহার করেছেন।
পবা উপজেলা নির্বাচন কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, এভাবে গাড়িতে কর্মী-সমর্থকদের নিয়ে যাওয়াটা শোভাযাত্রার মধ্যেই পড়ে। এ ধরনের কাজে একজন বৈধ প্রার্থী কোনো সরকারি যানবাহন ব্যবহার করতে পারবেন না। তবে এ ব্যাপারে তাঁদের কাছে কোনো প্রার্থী অভিযোগ করেননি।