রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আব্বাস আলী গতকাল মঙ্গলবার সরকারি গাড়ি ব্যবহার করে শোভাযাত্রা করেন। পরে তিনি সমর্থকদের নিয়ে শহীদ এ এইচ এম কামারুজ্জামানের কবর জিয়ারত করতে যান।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, আব্বাস আলী দুপুর সাড়ে ১২টার দিকে কয়েক শ নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করে জাতীয় নেতা শহীদ এ এইচ এম কামারুজ্জামানের কবর ও হযরত শাহ মখদুমের মাজার জিয়ারত করেন। শোভাযাত্রায় রাজশাহী চিনিকলের একটি বাসও ছিল।
শোভাযাত্রায় থাকা পাঁচ কর্মী বলেন, আজ বুধবার থেকে স্বল্প পরিসরে প্রচার-প্রচারণা শুরু হবে। আব্বাস আলী প্রচারণা শুরুর জন্য গতকাল মাজার জিয়ারত করতে যান।
আব্বাস আলী বলেন, তিনি মোটরসাইকেলে চড়ে মাজার জিয়ারত করতে গিয়েছিলেন। রাজশাহী চিনিকল শ্রমিক লীগের নেতা-কর্মীরা চিনিকলের গাড়িটি ব্যবহার করেছেন।
পবা উপজেলা নির্বাচন কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, এ ধরনের কাজে একজন বৈধ প্রার্থী কোনো সরকারি যানবাহন ব্যবহার করতে পারবেন না। তবে এ ব্যাপারে তাঁদের কাছে কোনো প্রার্থী অভিযোগ করেননি।