সরকারি গাড়িতে নির্বাচনী সভায় সাজেদার ছেলে!

সরকারি গাড়িতে করে ফরিদপুরের নগরকান্দায় দলীয় প্রার্থীর পক্ষে গত সোমবার দুটি নির্বাচনী সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর প্রচারণা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আয়মন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, আয়মন সোমবার বিকেলে জাতীয় সংসদের মনোগ্রাম-সংবলিত সংসদ সচিবালয়ের গাড়িতে চড়ে নগরকান্দায় আসেন। পরে ওই দুটি সভায় যোগ দেন। সভা দুটি হয় যথাক্রমে বিকেল চারটায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ও সন্ধ্যা ছয়টার দিকে নগরকান্দা পৌরসভার ডঙ্গুরদি এলাকায়। দুটি সভাতেই আয়মন আওয়ামী লীগের প্রার্থীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য প্রচারণা চালান। দুই সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. রায়হান উদ্দিন মিয়া।
আয়মন জাতীয় সংসদের উপনেতা স্থানীয় ফরিদপুর-২ আসনের সাংসদ সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে। তিনি নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতির পাশাপাশি সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে দায়িত্ব পালন করছেন।
পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালার ২২ নম্বর অনুচ্ছেদের ২ নম্বর ধারা অনুযায়ী নির্বাচনের পূর্বে কোনা প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাঁর পক্ষে অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠানের নির্বাচনী কাজে সরকারি প্রচারযন্ত্র, সরকারি যানবাহন, অন্য কোনো সরকারি সুযোগ-সুবিধা ভোগ এবং সরকারি কর্মকর্তা বা কর্মচারীরা ব্যবহার করতে পারবেন না। রিটার্নিং কর্মকর্তা ফরিদ হোসেন বলেন, সরকারি গাড়ি ব্যবহার করে আয়মনের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার বিষয়টি তাঁর জানা নেই বা কেউ অভিযোগ দেননি।
এ ব্যাপারে আয়মনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।