সরকারি গাড়ি থেকে ফেনসিডিল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের একটি কাভার্ডভ্যান থেকে গত সোমবার ৭৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ। এ সময় কাভার্ডভ্যানের চালক মো. নিজাম উদ্দিন মিয়াকে (৪৫) গ্রেপ্তার করা হয়। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার গাজীরহাট ডুমরাগাঁ উত্তর পাড়ার মৃত আরিফ মিয়ার ছেলে।কাভার্ডভ্যানের দুই পাশে লেখা রয়েছে, ‘বাংলাদেশ সরকার পরিবার পরিকল্পনা অধিদপ্তর। ধারণ ক্ষমতা পাঁচ টন।’ সামনে লেখা, ‘দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়।’ এর নিচে লেখা, ‘জরুরি ঔষধ।’পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত দুইটার দিকে দৌলতদিয়া ক্যানেল ঘাট এলাকায় টহল দেওয়ার সময় থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কাভার্ডভ্যানটি (জাস-৬৩-৪৩৯৬) দেখে থামার সংকেত দেন। পুলিশ দেখে গাড়িতে থাকা চালকের সহকারী ও ফেনসিডিলের মালিক কৌশলে পালিয়ে যান। বিষয়টি আঁচ করতে পেরে জাকির হোসেন গাড়িটি আটক করে থানায় নিয়ে আসেন। পরে গাড়িতে থাকা আলুর ৩৫টি বস্তায় তল্লাশি চালিয়ে ৭৫০ বোতল ফেনসিডিল উদ্ধার ও চালককে গ্রেপ্তার করা হয়।গতকাল সকালে থানা হেফাজতে থাকা নিজাম উদ্দিন বলেন, ‘আমি গত রোববার সন্ধ্যায় ঢাকার মহাখালীর পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে ওষুধ নিয়ে খুলনার উদ্দেশে রওয়ানা করি। খুলনার সিভিল সার্জন কার্যালয়ে ওষুধ রেখে সোমবার বিকেলে ঢাকার উদ্দেশে রওনা হই। পথে ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয়ে কাজের জন্য বিরতি দিই। রাত ১০টার দিকে ফরিদপুর চৌরাস্তা মোড় থেকে পাঁচ হাজার টাকার ভাড়া চুক্তিতে স্থানীয় এক ব্যক্তি আলুর বস্তা নিয়ে ঢাকার উদ্দেশে গাড়িতে ওঠেন। কিন্তু আলুর বস্তার ভেতর ফেনসিডিল রাখা ছিল, তা আমার জানা ছিল না। ২০ বছরের চাকরি জীবনে ফেনসিডিলের সঙ্গে জড়িত হয়নি আমি।’গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার প্রথম আলোকে জানান, এ ঘটনায় গতকাল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। নিজাম উদ্দিনকে রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।