সরকারি গাড়ির কালো কাচ নামেনি

গাড়িতে কালো কাচ ব্যবহারের বিরুদ্ধে গতকাল রোববার থেকে অভিযান শুরু করেছে পুলিশ৷ ব্যিক্তমালিকানাধীন যেসব গাড়ির কালো কাচ অপসারণ করা হয়নি, এমন গাড়ি ধরা পড়লে পুলিশের জরিমানার সম্মুখীন হতে হয়েছে৷ তবে গতকালও সরকারি কর্মকর্তা ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের গাড়ির কালো কাচ নামেনি৷
তবে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল আলম প্রথম আলোকে বলেছেন, সরকারি গাড়িতে কালো কাচ থাকলে তা-ও ধরেছে পুলিশ৷ তিনি জানান, কালো কাচ ব্যবহারের অভিযোগে গতকাল মোট ৯৭৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক পুলিশ৷ ১০৬টি যানবাহনকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া (রেকারিং) হয়েছে৷ শাস্তি পাওয়া গাড়িগুলোর মধ্যে বেশ কিছু সরকারি গাড়িও রয়েছে৷
মহানগর পুলিশের ট্রাফিক নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে, কালো কাচ লাগানো যানবাহনের বিরুদ্ধে মোটরযান আইনের ১৫১ ধারায় শাস্তি ও জরিমানা করা হচ্ছে৷ সর্বনিম্ন জরিমানা এক হাজার ২৫০ টাকা৷ অনেক ক্ষেত্রে কালো কাচ লাগানো গাড়ির কাগজপত্র রেখে দেওয়া হয়েছে৷ কাচ বদল করে আসার পর মালিককে কাগজপত্র ফেরত দেওয়া হচ্ছে৷
রাজধানীর বিজয় সরণি এলাকায় গতকাল দুপুরে গিয়ে দেখা যায়, পুলিশ কালো কাচের গাড়ি থামাচ্ছে৷ সেখানে কর্তব্যরত ট্রাফিকের সহকারী কমিশনার (এসি) রাজীব ফরহাদ প্রথম আলোকে জানান, বেলা একটা পর্যন্ত বিজয় সরণিতে কালো কাচযুক্ত ৩০টি যানবাহনকে জরিমানা করা হয়েছে৷ এ ছাড়া প্রাইভেট কারগুলোর কাচে কৃত্রিম কালো আবরণ যুক্ত থাকলে তা তুলে ফেলা হচ্ছে৷
তবে গতকাল বিকেলেও অফিস সময় শেষে সচিবালয় থেকে বের হওয়া গাড়িগুলোতে কালো কাচ দেখা গেছে৷ এর মধ্যে কর্মকর্তাদের ব্যবহৃত পাজেরো ও ল্যান্ড ক্রুজার জিপ, নিশান সানি, প্রোটন ও বেশ কিছু মিতসুবিশি ল্যান্সার কার দেখা গেছে৷
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের ব্যবহৃত গাড়িগুলো থেকেও কালো কাচ অপসারিত হয়নি৷ একজন পুলিশ কর্মকর্তা বলেন, যে গাড়িতে কালো কাগজ লাগানো ছিল, সেগুলো উঠিয়ে ফেলা হয়েছে৷ আর যেগুলোতে তৈরি অবস্থা থেকে (বিল্ট ইন) কালো কাচ, সেগুলো এখনো খোলা হয়নি৷
বিজয় সরিণতে জরিমানার শিকার একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের গাড়িচালক বলেন, এই গাড়িটার কাচই বাজারে নাই৷
বাংলামোটরের গাড়ির কাচ বিিক্রর প্রতিষ্ঠান জুয়েল অটো করপোরেশনের কর্মকর্তা মো. নিজাম প্রথম আলোকে বলেন, হুট করে সাদা কাচের চাহিদা বেড়ে যাওয়ায় তঁাদের জোগানও ফুরিয়ে গেছে৷ বিশেষ করে নতুন মডেলের ও কম ব্যবহৃত কিছু গাড়ির কাচ তৈরি অবস্থাতেই কালো হয়ে এসেছে৷ এগুলোর নতুন কাচ এখন দেশের বাজারেও নেই৷ যেমন হুন্দাই, কিয়া, টয়োটার নতুন মডেলের প্রাডো, মিতসুবিশি পাজেরোর নতুন মডেলের গাড়িগুলো বেশির ভাগই কালো কাচযুক্ত অবস্থায় এসেছে৷ এগুলোর সাদা কাচ এখন বাজারে নেই৷ সাদা কাচ আনতেও দুই থেকে আড়াই মাস সময় লাগবে৷
নারাণগঞ্জে সাত খুনের ঘটনায় কালো কাচের মাইক্রোবাস ব্যবহারের অভিযোগ ওঠার পর মাইক্রোবাসসহ সব ধরনের যানবাহন থেকে ১০ মের মধ্যে কালো কাচ খুলে ফেলতে নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ এরপর গতকাল থেকে গাড়িতে কালো কাচ ব্যবহারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া শুরু করে পুলিশ৷