ময়মনসিংহের গফরগাঁওয়ে আওয়ামী লীগের নেতা কাজল মিয়া গুদাম থেকে পাচারের সময় কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) কর্মসূচির ৬৩ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার উপজেলার পাগলা থানার গয়েশপুর বাজারে এ ঘটনা ঘটে।এর আগে গত রোববার একই নেতা তাঁর লোকজন নিয়ে গয়েশপুর খাদ্যগুদামের কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে ভুয়া বিলি আদেশে (ডিও) সই করিয়ে কাবিখার ২১ টন চাল ও ১০ টন গম নিয়ে যান। পরে তিনি লোকজন নিয়ে আবারও গুদামে হামলা চালিয়ে বিলি আদেশসহ অন্যান্য কাগজপত্র নিয়ে যান।খাদ্যগুদামে হামলা, লুটপাট ও মারধর এবং চাল আটকের ঘটনায় গতকাল পাগলা থানায় দুটি মামলা হয়েছে। ঘটনার পর থেকে কাজল মিয়া পলাতক।পুলিশ, এলাকাবাসী ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গয়েশপুর বাজারের খাদ্য ব্যবসায়ী ও উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা কাজল মিয়া গত রোববার দুপুরে ১০-১২ জন সশস্ত্র ব্যক্তিকে নিয়ে গয়েশপুর খাদ্যগুদামে যান। এরপর অস্ত্রের মুখে গয়েশপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) আবদাল হোসেনসহ কর্মচারীদের জিম্মি করে ভুয়া আদেশপত্র স্বাক্ষর করিয়ে ২১ টন চাল ও ১০ টন গম গয়েশপুর বাজারে তাঁর নিজের গুদামে নিয়ে যান।খাদ্যগুদামের নিরাপত্তাকর্মী সোহরাব উদ্দিন বলেন, ‘চাল-গম উত্তোলনে কাজল মিয়াকে সহযোগিতা করতে না চাইলে দুর্বৃত্তরা রিভলবারের বাঁট দিয়ে আবদাল স্যারসহ আমাদের পেটায় এবং বুকে রিভলবার ধরে গুলি করার হুমকি দেয়।’ওসিএলএসডি আবদাল হোসেন বলেন, ‘রোববার সন্ধ্যার দিকে গফরগাঁও যাওয়ার পথে কান্দি জামতলা মোড় এলাকায় কাজল মিয়া লোকজন নিয়ে আমাকে অপহরণের চেষ্টা চালান। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় পাইথল ইউপি চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল আমাকে উদ্ধার করে গয়েশপুর খাদ্যগুদামে নিয়ে যান। পরে পাগলা থানার পুলিশ রাত নয়টার দিকে আমাকে উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসায় নিয়ে যায়।’ তিনি বলেন, রোববার দিবাগত রাত তিনটার দিকে কাজল মিয়াসহ পাঁচ-সাতজন সশস্ত্র দুর্বৃত্ত আবারও গয়েশপুর খাদ্যগুদামে গিয়ে দুই নিরাপত্তাকর্মীকে জিমিঞ্চ করে ১০টি আদেশপত্র (ডিও) এবং ওজন মান মজুদ বিবরণীর রেজিস্টার নিয়ে যায়।সূত্র জানায়, গতকাল ভোর থেকে কাজল মিয়ার লোকজন তাঁর গুদাম থেকে দুটি ট্রাক দিয়ে কাবিখা কর্মসূচির চাল ও গম পাচার করতে থাকে। পরে পাগলা থানার পুলিশ ৬৩ বস্তা চালসহ একটি ট্রাক আটক করে। পুলিশ চালকসহ ট্রাকটি ছেড়ে দিলেও ৬৩ বস্তা চাল জব্দ করে থানায় নিয়ে যায়। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুকুল হোসেন বলেন, রোববার ও সোমবারের এসব ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুল হাসান লিটন বলেন, যাঁরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মারধর, অবৈধ অস্ত্র দেখিয়ে ভীতি প্রদর্শন ও সরকারি কাজে বাধা দিয়েছেন, তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।