সরকারি গুদাম থেকে সাড়ে ১৮ লাখ টাকার চাল ও গম উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও সরকারি খাদ্যগুদাম থেকে সাড়ে ১৮ লাখ টাকার চাল ও গম উধাও হয়ে গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর চাঁদপুরের জেলা প্রশাসন খাদ্যগুদামটি সিলগালা করে দিয়েছে।
চাঁদপুরের জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন জানান, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে গত বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেটদের চাঁদপুর জেলার আট উপজেলায় অবস্থিত খাদ্যগুদামগুলো পরিদর্শনের জন্য পাঠানো হয়। মতলব দক্ষিণ উপজেলা খাদ্যগুদাম পরিদর্শনের জন্য পাঠানো হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনা লায়লাকে।
জেলা প্রশাসক আরও জানান, ওই ম্যাজিস্ট্রেট বৃহস্পতিবার সকালে ওই গুদাম পরিদর্শনে গিয়ে স্টক রেজিস্ট্রারের সঙ্গে বর্তমান স্টকের ব্যাপক অনিয়ম দেখতে পান। এতে ওই গুদামে এক হাজার ৫০০ বস্তা চাল এবং ২২৩ বস্তা গম কম রয়েছে বলে দেখতে পান। তিনি বিষয়টি তাঁকে (জেলা প্রশাসক) জানান। জেলা প্রশাসক গুদামটি সিলগালা করার নির্দেশ দেন। সে অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনা লায়লা গুদামটি সিলগালা করে দেন। এ সময় উপজেলা খাদ্যনিয়ন্ত্রক চাই থোয়াই মারমা, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এবং সহকারী খাদ্য পরিদর্শক মো. কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।