সরকারি গুদামে অনীহা চালকল মালিকদের
আমন মৌসুমে চাল সংগ্রহ কার্যক্রম শুরুর দেড় মাসের ব্যবধানে ধান ও চালের দর বেড়ে গেছে। এ কারণে চালকলমালিকেরা গুদামে চাল সরবরাহে গড়িমসি করছেন। এতে সরকারি লক্ষ্য অনুযায়ী চাল সংগ্রহ করা সম্ভব হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন খাদ্য কর্মকর্তারা।
উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, এবার সরকার চালের দাম কেজিপ্রতি ৩৩ টাকা নির্ধারণ করেছিল। শুরুতে চালের যে দর ছিল তাতে চাতাল-কলমালিকেরা তাঁদের চুক্তিবদ্ধ চাল দিয়ে কেজিপ্রতি ১ টাকার কম লাভ করেছিলেন। এখন বাজারে চালের দাম বাড়তে থাকায় চালকলমালিকেরা সরকারি গুদামে আর চাল দিতে চাচ্ছেন না।
দুপচাঁচিয়ার চালের মোকামে খোঁজ নিয়ে জানা যায়, এবার মৌসুম শুরুর দিকে চালের বাজারদর ছিল মণপ্রতি ১০৮০-১১০০ টাকা। গত বছর এ সময় চালের বাজারদর ছিল মণপ্রতি ৮৮০-৯০০ টাকা। মাত্র দেড় মাসের ব্যবধানে চালের বাজারদর এখন মণপ্রতি ১২১০-১২২০ টাকা। অর্থাৎ কেজিপ্রতি চাল ৩২ টাকা ৭০ পয়সা পড়ছে। আবার সরকারি খাদ্যগুদামে দেওয়ার জন্য চাল মানসম্পন্ন করতে কেজিপ্রতি ৩৩ টাকার ওপর খরচ পড়ছে।
উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, এবার এ উপজেলায় আমন চাল সংগ্রহের লক্ষ্য ৬ হাজার ৯১ টন নির্ধারণ করা হয়েছে। ১৯ জানুয়ারি পর্যন্ত চাল সংগ্রহ হয়েছে ৩ হাজার ২৯০ টন। উপজেলায় ৫২৯টি চাতাল-কলের মধ্যে ৫২৪টি চাতাল-কল সরকারি খাদ্যগুদামে চাল দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। আগামী ১৫ মার্চ চাল সংগ্রহের শেষ দিন।
চুক্তিবদ্ধ চাতালকলের কয়েকজন মালিক বলেন, শুরুতে গুদামে চাল দিয়ে তেমন লাভ চোখে দেখা যায়নি। তাই পরে ধান ও চালের বাজারদর কম হবে এমন আশায় অনেক ব্যবসায়ী গুদামে চাল দেননি। এখন চালের বাজারদর উল্টো দিকে ঘুরছে। এখন একজন ব্যবসায়ী গুদামে চাল দিলে কেজিপ্রতি দেড় থেকে দুই টাকা লোকসান গুনতে হবে। আবার কমিশন না দিলে গুদামে চাল নিতে চান না কর্মকর্তা আর শ্রমিকেরা। দেখেশুনে কেউ লোকসান দিতে চান না।এ জন্যই গুদামে চাল দেওয়া বন্ধ করেছেন ব্যবসায়ীরা।
উপজেলা চাল-কলমালিক সমিতির সভাপতি মোবারক আলী বলেন, কয়েক বছর হলো ধানের দরের সঙ্গে উৎপাদিত চালের দরের কোনো মিল নেই। উপজেলায় বেশ কয়েকটি অটোরাইস মিল হওয়ায় হ্যাসকিং মিলের চাতাল-মালিকদের আর ব্যবসা ভালো যাচ্ছে না।
দুপচাঁচিয়ার তালোড়া সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি) আবদুল হান্নান বলেন, ‘বাজারে চালের দাম বেড়ে যাওয়ায় মিলাররা চাল দিতে চাচ্ছেন না। মিলারদের হাতে-পায়ে ধরে ১৫ দিনে ২০০ মেট্রিক টন চালও গুদামে সংগ্রহ করতে পারিনি। শেষ পর্যন্ত কী পরিস্থিতি হবে বলা যাচ্ছে না।’
উপজেলা খাদ্যনিয়ন্ত্রণ কর্মকর্তা পরিতোষ কুমার কুণ্ডু বলেন, ‘চালের দর বেড়ে যাওয়ায় চাল সংগ্রহ নিয়ে আমরা চিন্তিত। চুক্তিবদ্ধ মিলারদের চাপের মুখে রেখে নির্ধারিত বরাদ্দের চাল সংগ্রহের চেষ্টা করছি। যদি কোনো চাতালকলের মালিক চুক্তি করার পর চাল না দেন, তাহলে কী হবে জানতে চাইলে তিনি বলেন, তাঁদের কালো তালিকা তৈরি করে তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হবে। লাইসেন্স থাকা না থাকা না থাকার ব্যাপারে ওনারা সিদ্ধান্ত দেবেন।’