সরকারি গুদামে গম বিক্রি করতে পারছেন না কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সরকারি খাদ্যগুদাম কর্তৃপক্ষ কৃষকের কাছ থেকে না কিনে ব্যবসায়ীদের কাছ থেকে নিম্নমানের গম কিনছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, স্থানীয় গম ব্যবসায়ীদের একটি চক্র খাদ্যগুদামের কর্মকর্তাদের যোগসাজশে নিম্নমানের গম সরকারের কাছে বিক্রি করছে। এতে সরকারের কাছে গম বিক্রি করতে না পেরে স্থানীয় কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দৌলতপুর উপজেলা খাদ্যগুদাম সূত্রে জানা যায়, সরকার দৌলতপুর উপজেলায় সরাসরি কৃষকের কাছ থেকে ২৪ টাকা কেজি দরে এক হাজার ১০০ মেট্রিক টন গম কিনবে। গত ৩০ এপ্রিল থেকে গম কেনা শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কুমার গত বুধবার রাতে প্রথম আলোকে জানিয়েছেন, সংগ্রহ অভিযান প্রায় শেষের দিকে।অভিযোগ উঠেছে, স্থানীয় ব্যবসায়ী মফিদুল ইসলামসহ কয়েকজনের কাছ থেকে পচা ও নিম্নমানের পুরোনো গম কেনা হয়েছে। সাধারণ কৃষকেরা অনেক চেষ্টা করেও সরকারের কাছে গম বিক্রি করতে ব্যর্থ হয়েছেন। উপজেলার রামকৃষ্ণপুর এলাকার কৃষক আবুল কাশেম বলেন, চলতি মৌসুমে তিনি ২২ বিঘা জমিতে গমের আবাদ করেন। ফলন ভালো হওয়ায় কয়েক শ মণ গম ঘরে তোলেন। ২৪ টাকা কেজি দরে সরকারের গম কেনার কথা শুনে দৌলতপুর খাদ্যগুদামে যোগাযোগ করেন। তিনি অভিযোগ করেন, গুদামের কর্মকর্তা ও স্থানীয় দালাল চক্রকে ‘ম্যানেজ’ করতে না পারায় তিনি গম বিক্রি করতে পারেননি। কয়েকজন কৃষক অভিযোগ করেন, স্থানীয় গম ব্যবসায়ীরা বিভিন্ন সময় টিআর, কাবিখার বরাদ্দ করা গম বিভিন্ন প্রকল্প কর্মকর্তার কাছ থেকে সর্বোচ্চ ১৩-১৪ টাকা কেজি দরে কিনেছিলেন। খাদ্যগুদামের কর্মকর্তা গোলাম রব্বানীকে উৎকোচ দিয়ে ওই গমই সরকারের কাছে ২৪ টাকা দরে বিক্রি করছেন। যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করে গোলাম রব্বানী দাবি করেন, উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের কাছ থেকে কৃষকের তালিকা সংগ্রহ করা হয়। সেই তালিকা থেকে গম সংগ্রহ করা হচ্ছে। দৌলতপুরের সবচেয়ে বেশি গম হয় রামকৃষ্ণপুর ইউনিয়নে। এই ইউপির চেয়ারম্যান রিয়াজুল হক বলেন, ‘যে তালিকা দেওয়া হয়েছে, সেই অনুযায়ী কৃষকেরা গম বিক্রি করতে পারেননি।’ চিলমারী ইউপির চেয়ারম্যান সৈয়দ আহমেদ বলেন, ‘উপজেলার সবকিছুই হয় সিন্ডিকেটের মাধ্যমে।’ এর বাইরে তিনি কিছু বলতে রাজি হননি। আঁড়িয়া ইউপির চেয়ারম্যান ফিরোজ আল মামুন এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি।