সরকারি গুদামে চাল না দেওয়ার হুমকি
প্রতি কেজিতে তিন টাকা উৎসাহ বোনাস না দিলে ১১ জুলাই থেকে সরকারি গুদামে চাল না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতি। সংগঠনের এই দাবি পূরণ না হলে দেশের সব চালকল বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছে সংগঠনটি। ৩ জুলাই খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় চুক্তি হওয়া পাঁচ লাখ টন চালের মধ্যে দুই লাখ ৩৭ হাজার টন চালের ক্ষেত্রে প্রতি কেজির জন্য তিন টাকা উৎসাহ বোনাস ঘোষণা করা হয়। এ ঘোষণার পরিপ্রেক্ষিতে সংগঠনটির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার জয়পুরহাট শহরে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়। সংগঠনের আহ্বায়ক কে এম লায়েক আলীর সভাপতিত্বে সভায় দেশের বিভিন্ন জেলার চালকল মালিক সমিতির ৫০ জন নেতা অংশ নেন।সভা শেষে এক সংবাদ সম্মেলনে লায়েক আলী বলেন, সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের অনুরোধে চালকল মালিকেরা সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। লোকসান দিয়ে হলেও তাঁরা সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহ করেছিলেন। কিন্তু এখন সরকার বলেছে, চুক্তিবদ্ধ মালিকদের মধ্যে এর আগে যারা সম্পূর্ণ বা আংশিক চাল সরবরাহ করেছেন তাঁদের কেজিপ্রতি তিন টাকা উৎসাহ বোনাস দেওয়া হবে না। সংবাদ সম্মেলনে লায়েক আলীর লিখিত বক্তব্যে আরও বলা হয়েছে, সরকারের এ সিদ্ধান্ত অনৈতিক এবং পক্ষপাতদুষ্ট। এ সিদ্ধান্ত পরিবর্তন করা না হলে ১১ জুলাই থেকে দেশের সব সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। এরপরও সিদ্ধান্ত পরিবর্তন না হলে দেশের সব চালকল বন্ধ করে দেওয়া হবে।প্রসঙ্গত, বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির অধীনে সারা দেশে ১৭ হাজার চালকল রয়েছে। এসব চালকলের বেশির ভাগই সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহ করে।