হবিগঞ্জে বিধি ভঙ্গ করে ব্যবসায়ীরা সরকারি গুদামে ধান দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে বঞ্চিত হচ্ছেন প্রান্তিক কৃষক।
জেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, এ জেলায় গত ২৬ মে থেকে ধান কেনা শুরু হয়। ৮টি উপজেলায় ১০টি ক্রয়কেন্দ্রের মাধ্যমে ১৫ হাজার ৩৩৬ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। ৩১ আগস্ট পর্যন্ত এ অভিযান চলবে। গত বৃহস্পতিবার পর্যন্ত ১ হাজার ৫৩০ টন ধান সংগ্রহ করা হয়। জেলায় বর্তমানে ধানের দাম প্রতি মণ ৫৩০ থেকে ৫৫০ টাকা। কৃষকদের ক্ষতি পুষিয়ে দিতে সরকার একই ধান ৯২০ টাকা মণ দরে সংগ্রহ করছে।
কৃষকেরা বলছেন, ধান সরবরাহ করার জন্য তাঁদের নাম তালিকায় ওঠানো হয়নি। এ কার্যক্রমের শুরু থেকেই স্থানীয় ব্যবসায়ীরা ধান সরবরাহ করছেন।
গত বুধবার হবিগঞ্জ শহরের গরুর বাজারসংলগ্ন ধান ক্রয়কেন্দ্রে (খাদ্যগুদাম) গিয়ে দেখা যায়, ধানভর্তি ট্রাক, ট্রাক্টর ও ছোট ছোট ট্রলি সারি ধরে দাঁড়ানো। দুপুর সাড়ে ১২টার দিকে ৭ টন ধান বিক্রির রসিদ নেন জহুর আলী ও আজগর মিয়া নামের দুই ব্যক্তি।
খোঁজ নিয়ে জানা যায়, জহুর ও আজগর কেউই কৃষক নন। তাঁরা শহরের উমেদনগর এলাকার একটি ধান ব্যবসাপ্রতিষ্ঠানের লোক। সারিতে দাঁড়ানো অন্য ব্যক্তিরাও ব্যবসায়ীদের লোকজন। একেকজন ব্যবসায়ী পাঁচ-ছয়জনকে কৃষক সাজিয়ে ধান বিক্রির জন্য পাঠিয়েছেন। বিষয়টি খাদ্য বিভাগের লোকজনও জানেন।
তবে জহুর আলী ও আজগর মিয়া বলেন, তাঁরা একই সঙ্গে ব্যবসায়ী ও কৃষক।
বেলা একটার দিকে ধানবোঝাই একটি ট্রাক কেন্দ্রে আসে। কিন্তু এর সঙ্গে কোনো কৃষককে খুঁজে পাওয়া যায়নি।
এ সময় কেন্দ্রের দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি) এ কে এম এমরান হোসেন ভূঁইয়া বলেন, তিনিও জানেন না কারা এ ধান নিয়ে এসেছেন। সেখানে উপস্থিত বাবুল মিয়াসহ কয়েকজন বলেন, এখানে ধানবোঝাই যত ট্রাক, ট্রাক্টর ও ট্রলি রয়েছে, সবই স্থানীয় ব্যবসায়ীদের।
সদর উপজেলার শায়েস্তাগঞ্জ ধান ক্রয়কেন্দ্রে গিয়েও ধানবোঝাই সারি সারি ট্রাক ও ট্রাক্টর দেখা যায়। এখানেও ধান সরবরাহকারীদের বেশির ভাগই ব্যবসায়ী।
কেন্দ্রে পাঁচ টন ধান বিক্রি করেন ছালেহ মিয়া ও আবদুস সালাম নামের দুজন। তাঁরা বলেন, তাঁরা ধান ব্যবসায়ী ইলিয়াস মিয়ার লোক।
বানিয়াচং উপজেলার আলমপুর গ্রামের কৃষক সফিকুল আলম বলেন, কৃষক ধান সংগ্রহকেন্দ্রে গেলে খাদ্য কর্মকর্তা ও কর্মচারীদের হাতে নানাভাবে হয়রানির শিকার হন। তাঁরা কৃষকের ধান দেখলেই বলেন, আর্দ্রতা লাগবে ১৪ ভাগ। ধান ভেজা, আরও শুকাতে হবে ইত্যাদি। এ ছাড়া তাঁদের প্রতি মণে দুই-তিন কেজি ধান বেশি দিতে হয়। অথচ ব্যবসায়ীদের কোনো শর্তই পালন করতে হয় না।
জেলা কৃষক লীগের সভাপতি হুরমায়ূন কবীর বলেন, কৃষকদের কাছ থেকে সরাসরি ধান নেওয়ার কথা থাকলেও খাদ্য বিভাগের কিছু অসৎ কর্মকর্তার কারণে তা হচ্ছে না। মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা কৃষকদের তালিকা করেন। তাঁরা সুবিধা নিয়ে ব্যবসায়ীদের লোকজনকে প্রান্তিক কৃষক দেখিয়ে তালিকা তৈরি করেছেন।
জানতে চাইলে জেলা খাদ্য নিয়ন্ত্রক সাজ্জাদ হোসেন বলেন, কোনো অনিয়ম হচ্ছে না। যাঁরা কৃষি উপকরণ কার্ড বা পরিচয়পত্র দেখাচ্ছেন, তাঁদের কাছ থেকে ধান কেনা হচ্ছে। কোনো ব্যবসায়ীর কাছ থেকে ধান কেনা হচ্ছে না।