সরকারি গুদামের ৬০০ বস্তা চাল উদ্ধার, আটক ২
পাবনার বেড়া উপজেলায় গতকাল শুক্রবার সকালে সরকারি গুদামের চাল একটি ব্যক্তিমালিকানাধীন গুদামে খালাসের সময় ছয় শতাধিক বস্তা চাল উদ্ধার করে পুলিশ। এ সময় চালবাহী একটি ট্রাক, ট্রাকের চালক ও সহকারীকে আটক করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খুলনার মানিকতলা সিএসডি গুদাম থেকে চাল নিয়ে কয়েকটি ট্রাক গতকাল ভোরে বেড়া সরকারি খাদ্যগুদামে (এলএসডি) পৌঁছায়। তবে ৩৩৪ বস্তা চাল নিয়ে একটি ট্রাক সেখানে থেকে বেড়া বাজারের পাটপট্টির এক ব্যবসায়ীর গুদামে চলে যায়। সকাল আটটার দিকে ওই গুদামে চাল খালাসের একপর্যায়ে চালসহ ট্রাকটি আটক করে পুলিশ। এ সময় ট্রাকের চালক আবদুস সালাম ও সহকারী শাহীনকে আটক করা হয়। তবে গুদামের মালিক পালিয়ে যান।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে ওই ট্রাকের চাল ছাড়া গুদামে আরও তিন শতাধিক বস্তা চালের সন্ধান পান। গুদামটি সিলগালা করে দেন তিনি।ট্রাকের চালক ও সহকারী বলেন, সরকারি খাদ্যগুদামে যাওয়ার পর সেখানে দায়িত্ব পালনরত ব্যক্তিরা তাঁদের বাজারের ওই গুদামে নিয়ে যাওয়ার কথা বলেন।উপজেলা খাদ্যনিয়ন্ত্রক নাজমুল রশীদ ও বেড়া সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, এ ধরনের কথা তাঁদের কেউ বলেননি। ওই ট্রাকের চাল সরকারি খাদ্যগুদামেই খালাস করার কথা ছিল। কিন্তু ট্রাকটি সরকারি খাদ্যগুদামে ঢোকেনি। বেড়া থানার ওসি শেখ জিল্লুর রহমান গতকাল বলেন, ট্রাকের চালক ও সহকারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।