সরকারি গৌরনদী কলেজে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের সরকারি গৌরনদী কলেজে স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা গত মঙ্গলবার কলেজ ভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছেন।কলেজের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালের স্নাতকের (সম্মান) বিভিন্ন বিভাগের দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণ ২ অক্টোবর শুরু হয়। আজ ৭ অক্টোবর ফরম পূরণের শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।শিক্ষার্থীরা অভিযোগ করেন, জাতীয় বিশ্ববিদ্যালয় এই ফরম পূরণের জন্য এক হাজার ৭৫০ টাকা নির্ধারণ করে। কিন্তু কলেজ কর্তৃপক্ষ এই ফরম পূরণের জন্য বিবিএস ও বিএ অনার্স বিভাগে দুই হাজার ৭৫৫ টাকা ও বিএসসির দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের জন্য তিন হাজার ১৫৫ টাকা নির্ধারণ করে তা আদায় করছে। ফরম পূরণের সময় তাঁদের কাছ থেকে সেমিনার ফি বাবদ ৩০০ টাকা গ্রহণ করা হলেও জমা রসিদে ১০০ টাকা উল্লেখ করা হয়। এ ছাড়া টিউটরিয়াল ফি বাবদ ১৫০ টাকা আদায় করা হলেও ৫০ টাকার জমা রসিদ দেওয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে কলেজের মূল ভবনের তিনটি কক্ষে হামলা চালান। এ সময় ওই কক্ষগুলোর দরজা, জানালা ও আসবাব ভাঙচুর করা হয়। দুপুর ১২টায় কলেজের অধ্যক্ষ আবদুল মজিদ ও উপাধ্যক্ষ কুতুব উদ্দিন আইবেক ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অধ্যক্ষ আবদুল মজিদ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নীতিমালা অনুযায়ী শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি আদায় করা হচ্ছে। অতিরিক্ত ফি আদায়ের অভিযোগের কোনো সত্যতা নেই। বেশি টাকা নিয়ে কম টাকার রসিদ দেওয়ার বিষয়ে তিনি বলেন, এ ব্যাপারে তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।