সরকারি গৌরনদী কলেজে হামলা, ভাঙচুর
বরিশালের সরকারি গৌরনদী কলেজের কয়েকটি কক্ষে গতকাল শনিবার হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। ওই কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হতে না পেরে শিক্ষার্থীরা এ হামলা চালায়। এ সময় তারা অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে তাঁকেসহ কয়েকজন শিক্ষককে অবরুদ্ধ করে রাখে।কলেজ সূত্রে জানা গেছে, এ বছর মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগে ৪৫০টি কোটায় মেধার ভিত্তিতে ভর্তির জন্য নোটিশ বোর্ডে যোগ্য শিক্ষার্থীদের তালিকা ১৭ জুন টাঙিয়ে দেওয়া হয়। ভর্তি শুরু হলে গতকাল সকাল সাড়ে ১০টায় বঞ্চিত শিক্ষার্থীরা কলেজের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা কলেজের কয়েকটি শ্রেণীকক্ষ, অধ্যক্ষের কক্ষ ও অফিসকক্ষে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ মো. কুতুব উদ্দিন আইবেক শিক্ষকদের নিয়ে তাঁর অফিসকক্ষে তাৎক্ষণিকভাবে জরুরি সভায় বসেন।কলেজ সূত্রে আরও জানা গেছে, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুনরায় অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে গৌরনদী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা পর তালা ভেঙে তাঁদের উদ্ধার করে। অধ্যক্ষ কুতুব উদ্দিন আইবেক বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া অতিরিক্ত ভর্তির কোনো সুযোগ নেই।