সরকারি চাকরি পেয়েছেন প্রতিবন্ধী মশিউর আজম
সরকারি চাকরি করবেন বলে স্বপ্ন ছিল শারীরিক প্রতিবন্ধী মশিউরের। এই স্বপ্ন তাঁর পূরণ হয়েছে। বাংলাদেশ ডাক বিভাগের পোস্টাল অপারেটর পদে চূড়ান্ত ফলাফলে তিনি উত্তীর্ণ হয়েছেন।
মশিউরের (২৭) বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর গ্রামে। তিনি শৈশব থেকে শারীরিক প্রতিবন্ধী। মাত্র আড়াই বছর বয়সে পোলিও রোগে আক্রান্ত হন। এতে তাঁর পা দুটি চিকন হয়ে যায়। হাঁটাচলা করতে পারেন না। কিন্তু পড়াশোনার প্রতি তাঁর আগ্রহ ছিল প্রবল। গ্রামের হাবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাস করে ভর্তি হন হাবাসপুর কেরাজ উচ্চবিদ্যালয়ে। সেখান থেকে এসএসসি পাস করে ২০১০ সালে ভর্তি হন ড. কাজী মোতাহার হোসেন কলেজে। ব্যবসায় শাখা থেকে এইচএসসি পাস করেন। এরপর ভর্তি হন বাড়ি থেকে প্রায় ১৪-১৫ কিলোমিটার দূরে পাংশা কলেজে (বর্তমানে সরকারি)। সেখান থেকে ২০১৩ সালে দ্বিতীয় বিভাগে স্নাতক (পাস) পাস করেন। পরে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
পড়াশোনার পাশাপাশি তিনি বিভিন্ন দপ্তরে চাকরির জন্য আবেদন করতে থাকেন। খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের অফিস সহকারী পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। কিন্তু মৌখিক পরীক্ষায় বাদ পড়ে যান। এ ছাড়া আরও বেশ কিছু পরীক্ষায় অংশ নেন। কিন্তু শেষ পর্যন্ত সফলতার মুখ দেখতে পাননি। কিন্তু হাল ছাড়েননি।
২০১৫ সালের ২২ নভেম্বর প্রথম আলোয় ‘স্নাতক পাস করেও কাজ জুটছে না’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
মশিউর ২০১৫ সালের শুরুর দিকে বাংলাদেশ ডাক বিভাগের পোস্টাল অপারেটর পদে চাকরির আবেদন করেন। একই বছরের ডিসেম্বর মাসে খুলনায় লিখিত পরীক্ষা দেন। গত বছরের ফেব্রুয়ারিতে মৌখিক পরীক্ষায় অংশ নেন। গত মঙ্গলবার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়। সেখানে স্থান পান মশিউর আজম।
জানতে চাইলে মশিউর আজম বলেন, ‘ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল পড়াশোনা করে সরকারি চাকরি করব। এ কারণে বাধা এলেও পড়াশোনা ছাড়িনি। আমার মা ও বড় ভাই খুব সহযোগিতা করেছেন। অবশেষে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। সবার সহযোগিতা নিয়ে আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে চাই।’
ড. কাজী মোতাহার হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু বলেন, ‘মশিউর চাকরি পাওয়ায় খুব ভালো লাগছে। লক্ষ্যে স্থির থাকলে অবশ্যই সফল হওয়া যায়, মশিউর সেটি প্রমাণ করেছে। এটি একটি আশা-জাগানিয়া খবর।’